মোগাদিসু, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২৪ বিদেশি ক্রুসহ ছিনতাই করা জার্মান জাহাজের জলদস্যুরা শনিবার জানিয়েছে, ছিনতাই হওয়া মার্কিন জাহাজটির ক্যাপ্টেনকে জিম্মি রাখা জলদস্যুদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে তারা সোমালিয়া উপকূলে ফিরে এসেছে।
এই জলদস্যুরা জানিয়েছে, জিম্মি মার্কিন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসসহ তার জাহাজটি ছিনতাই করা অপর জলদস্যুদের কাছে পৌঁছাতে চেয়েছিল তারা। এ জন্য কোনো বিপদ এলে তারা নিজেদের ছিনতাই করা জার্মান জাহাজ হাঁনসা স্টেভ্যাঞ্জারকে ঢাল হিসেবে ব্যবহার করত।
জার্মান জাহাজের এক জলদস্যু নিজেকে সোলায়মান নামে পরিচয় দিয়ে রয়টার্সকে বলেন, "আমরা হারাধির উপকূলে ফিরে এসেছি। লাইফবোটটি আমরা খুঁজে পাইনি।"
জলদস্যুদের হাতে লাইবোটে জিম্মি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস গত শুক্রবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে একটি মার্কিন জাহাজে উঠার চেষ্টা করেছিলেন। তবে জলদস্যুরা আবার তাকে লাইফবোটে ফিরে আসতে বাধ্য করে।
আঞ্চলিক একটি সমুদ্র চলাচল সংস্থা জানিয়েছেন, জলদস্যুদের নেতা এবং আত্মীয়রা এখন রিচার্ড ফিলিপসের বিষয়ে আপসরফার পরিকল্পনা করছে।
সংস্থাটির সমন্বয়কারী এন্ড্রু মাঙ্গুরা রয়টার্সকে বলেন, "জলদস্যুরা এখন মুক্তিপণের পরিবর্তে এই অবস্থা থেকে বেরিয়ে আসার নিরাপদ পথ খুঁজছে।"
অন্যদিকে সোমলিয়া উপকূলে ছিনতাই হওয়া অপর একটি জাহাজ উদ্ধারে ফরাসি বাহিনীর অভিযানে শুক্রবার দুই জলদস্যু এবং এক জিম্মি থাকা ফরাসি নাগরিক নিহত হয়েছে। গত সপ্তাহে ছিনতাই হওয়া এই জাহাজটি থেকে এক শিশুসহ চারজনকে মুক্ত করেছে সেনারা।
সোমালিয়ার জলদস্যুরা গত শুক্রবার জানায়, মার্কিন যুদ্ধজাহাজ থেকে তারা আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে।
ক্যাপ্টেন ফিলিপসকে জিম্মি করে রাখা জলদস্যু চক্রের পক্ষ থেকে এক দস্যু স্যাটেলাইট ফোনে রয়টার্সকে বলেন, "আমরা আমেরিকানদের ভয় পাই না। আক্রান্ত হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।"
তবে জলদস্যুদের এই হুমকির মুখেও আলোচনার মাধ্যমেই জিম্মি সঙ্কট সমাধানের সম্ভাবনা বেশি বলে ঘটনাস্থলে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা। বিশেষ করে জিম্মি মুক্তির বিনিময়ে জলদস্যুদের নিরাপদে চলে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে একটি সুরাহা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।
৪ জন জলদস্যু ফিলিপসকে বুধবার থেকে একটি লাইফবোটে আটকে রেখেছে। ঘটনাস্থলে ইতোমধ্যেই টহল দিতে শুরু করেছে মার্কিন যুদ্ধজাহাজ। ফলে দস্যুদের লাইফবোটের জ্বালানি ফুরিয়ে আসলেও অন্যান্য জলদস্যুরা এর ধারেকাছে ঘেঁষছে না।
'ইস্ট আফ্রিকান সীফেয়ারারস এসিসটেন্স প্রোগ্রাম' এর সমন্বয়ক এন্ড্রু মাওয়াঙ্গুরা এর আগে বলেন, "অন্যান্য জলদস্যুরা তাদের বন্ধুদের সহযোগিতা করতে চাইলেও মৃত্যুভয়ের কারণে তা করতে পারছে না।" তিনি বলেন, "তারা হয়ত ক্যাপ্টেনকে আজ কালের মধ্যেই ছেড়ে দেবে। তবে কোনও কিছুর বিনিময়ে। সেটি হতে পারে কিছু অর্থ, ক্ষতিপূরণ কিংবা নিরাপদে বাড়ি ফেরার পথ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৪৪ ঘ.
bdnews24