২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ হামলায় লাদেন দোষী নন: বিচারের রায়

নাইন ইলেভেন হামলার জন্য আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন দোষী নন। বিশ্বের কুখ্যাত সব অপরাধীদের নিয়ে নেদারল্যান্ডসের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে বিচারকরা বুধবার এ রায় দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বার্লিন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইন ইলেভেন হামলার জন্য আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন দোষী নন। বিশ্বের কুখ্যাত সব অপরাধীদের নিয়ে নেদারল্যান্ডসের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে বিচারকরা বুধবার এ রায় দিয়েছেন। ডাচ টেলিভিশন চ্যানেল 'নেডারল্যান্ডস ২' এর 'ডেভিলস অ্যাডভোকেট' অনুষ্ঠানে বুধবার রাতে বিচারকার্যে অংশ নেন দুই পুরুষ ও তিন নারী বিচারক এবং স্টুডিও-দর্শকরা। শুনানি শেষে রায়ে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে সন্ত্রাসী বিমান হামলায় লাদেন দোষী নন। ওই হামলায় তাকে মূল ষড়যন্ত্রকারী অভিযুক্ত করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ নেই। প্রথাগত চিন্তাভাবনার বাইরে সাড়া জাগানো টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে নেদারল্যান্ডসের খ্যাতি রয়েছে। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান 'বিগ ব্রাদার' এর নির্মাতা এন্ডেমোল এ দেশের নাগরিক। তবে চমৎকারিত্ব ও ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানের সে ধারাকেও ছাড়িয়ে গেছে 'ডেভিলস অ্যাডভোকেট'। এই অনুষ্ঠানে পৃথিবীর কুখ্যাত অনেক অপরাধীর পক্ষের আইনজীবীর ভূমিকায় অভিনয় করে থাকেন জেয়ার্ড স্পুং। গত বুধবারের পর্বে স্পুং যুক্তিতর্কে বিচারকদের বোঝাতে সক্ষম হন, ৯/১১ হামলার সঙ্গে লাদেন জড়িত নন; এটা পশ্চিমা বিশ্বের প্রচারণা। শুনানি শেষে বিচারকরা রায় দেন, ওসামা বিন লাদেনকে আল কায়েদা নেতা বলা হলেও এর পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই। তিনি আসল নেতা নাও হতে পারেন। তবে বিচারকরা জানান, লাদেন এমন একজন সন্ত্রাসী যিনি ইসলামের অপব্যবহার করছেন। নেদারল্যান্ডসে ইতোমধ্যে উত্তপ্ত হয়ে ওঠা অভিবাসন বিতর্ক এবং মুসলিম সংখ্যালঘুদের নিয়ে উত্তেজনার মধ্যে ডেভিলস'র এই পর্বটি ডাচদের মধ্যে আরও বেশি মুসলিমবিদ্বেষী মানসিকতা তৈরি করতে পারে। ২০০৪ সালে মুসলিম সন্ত্রাসীদের হাতে ডাচ পরিচালক থিও ভ্যন গঁগ নিহত হওয়ার পর গত কয়েক বছরে দেশটিতে অভিবাসন ও মুসলিম বিদ্বেষী অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮১০ ঘ.