২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচিতে আলোচনার প্রস্তাব বিবেচনা করছে ইরান

ইরান বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্য পাঁচ বিশ্বশক্তির আলোচনার প্রস্তাব তারা পর্যালোচনা করে দেখছে। তবে একই সঙ্গে পরমাণু প্রযুক্তিতে অগ্রগতির ঘোষণা দেওয়ার জন্যও তারা প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ইস্পাহান, ইরান, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্য পাঁচ বিশ্বশক্তির আলোচনার প্রস্তাব তারা পর্যালোচনা করে দেখছে। তবে একই সঙ্গে পরমাণু প্রযুক্তিতে অগ্রগতির ঘোষণা দেওয়ার জন্যও তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি বুধবার জানিয়েছে, কূটনৈতিক উপায়ে পরমাণু বিতর্কের সমাধান করার জন্য ইরানকে আমন্ত্রণ জানাতে তারা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানাকে বলবেন। লন্ডনে এক বৈঠকের পর ছয় বিশ্বশক্তি জানিয়েছে, "পারস্পরিক আস্থারভিত্তিতে আমাদের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার জন্য ইরানকে এই সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।" ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ঊর্ধ্বতন সহযোগী আলি আকবর জাভানফিকর বলেন, "তাদের এই প্রস্তাব পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নেব।" আলোচনার প্রস্তাবকে গঠনমূলক অভিহিত করে প্রেস টিভি একথা জানায়। ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে- এই অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে একঘরে করে ফেলার চেষ্টা করেছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা বুশের এই নীতি থেকে সরে এসে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী। জ্বালানি ও বাণিজ্যের দিক দিয়ে ইরানের ঘনিষ্ঠ অংশিদার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন নতুন এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে পরমাণু সমস্যার সমাধানে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য তেহরান ও অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং জু বলেন, "যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের উন্নতির লক্ষণ দেখে আমরা খুশি হয়েছি।" ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে ওয়াশিংটনের নীতিতে মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে দাবি করেন তিনি। ইরান বৃহস্পতিবার তাদের জাতীয় পরমাণু দিবস পালন করছে। এ উপলক্ষে মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে স্থানীয় সময় বিকাল পাঁচটায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৫৫ ঘ.