লন্ডন, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গোপন নথির ছবি প্রকাশ হয়ে যাওয়ার ঘটনার জের ধরে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা প্রধানের দায়িত্ব থেকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার বব কুইক। লন্ডনের মেয়র বরিস জনসন একথা জানিয়েছেন।
এর আগে বুধবার ওই কর্মকর্তা প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অফিস এর সামনে একটি গোপন নথি প্রকাশ্যে বহন করার সময় সাংবাদিকরা তার ছবি তুলে ফেলে। নথিটির শিরোনাম ছিল "ব্রিফিং নোট: অপারেশন পাথওয়ে"। নথিটির ওপর শিরোনামের ব্যাখ্যায় অভিযানটিকে 'ব্রিটেনের ভেতরে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের হামলা পরিকল্পনার বিষয়ে নিরাপত্তা বাহিনীর তদন্ত' হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিরোধী দলসহ ব্রিটেনজুড়ে ব্যাপক হৈ চৈ সৃষ্টি হয় এবং ওই কর্মকর্তা সন্ত্রাসবিরোধী পুলিশ প্রধানের দায়িত্বে থাকতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।
এর পরপরই প্রায় তাৎক্ষণিকভাবে সন্ত্রাসবিরোধী তল্লাশি চালিয়ে বুধবার ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এদের মধ্যে ১০জন স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে থাকা পাকিস্তানি নাগরিক এবং ১জন ব্রিটেনে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক।
লন্ডনের মেয়র জনসন বিবিসি রেডিওকে বলেন, "আমি আজ সকালে ব্যাপক অনিচ্ছা এবং দুঃখের সঙ্গে ... সন্ত্রাসবিরোধী পুলিশ প্রধান হিসেবে বব কুইকের পদত্যাগপত্র গ্রহণ করেছি।"
কর্মকর্তারা জানান, কুইকের ওই 'মারাত্মক ভুলের' কারণে পুলিশি তদন্তের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। তাই সন্দেহভাজন সন্ত্রাসীরা তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে নির্ধারিত সময়ের আগেই পুলিশকে সন্দেহভাজন হামলা পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে ওই অভিযান চালাতে হয়।
আকস্মিকভাবে অভিযান চালাতে গিয়ে জনগণের নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়েছিল বলে অভিযোগ করেছেন অনেকেই।
কেননা ম্যানচেস্টার, লিভারপুল এবং ল্যাঙ্কশায়ারসহ বিভিন্ন স্থানে এমন সময়ে অভিযান পরিচালনা করতে হয়েছে যখন মানুষজন সজাগ ছিল এবং রাস্তাঘাটে চলাফেরা করছিল। একটি বিশ্ববিদ্যালয়ে পাঠাগারের পাশ থেকে গ্রেপ্তার করা হয় একজনকে। কাচের জানালার বাইরে যখন এ গ্রেপ্তার অভিযান চলছিল তখন ছাত্রছাত্রীদেরকে পাঠাগারের ভেতরে আটকে রাখা হয়েছে বলে দেখা গিয়েছে ছবিতে। এ অবস্থায় পুলিশ গুলি ছুড়তে বাধ্য হলে ছাত্রছাত্রীদের জীবন হুমকির মুখে পড়তে পারতো বলে এ অভিযানের সমালোচনা করছেন অনেকেই। আর এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য দায়ি করা হচ্ছে পুলিশ কর্মকর্তা কুইককেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24