২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৩৫, শেষকৃত্যের প্রস্তুতি

ইতালির ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে মঙ্গলবার কয়েকদফা শক্তিশালী পরাঘাতে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছে গেছে ২৩৫ জনে। ওদিকে, বুধবার নিহতদের সমাহিত করতে শেষকৃত্যের প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

লা'ইকুইলা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইতালির ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে মঙ্গলবার কয়েকদফা শক্তিশালী পরাঘাতে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছে গেছে ২৩৫ জনে। ওদিকে, বুধবার নিহতদের সমাহিত করতে শেষকৃত্যের প্রস্তুতি চলছে। মঙ্গলবার রাতে শক্তিশালী একটি পরাঘাতে লা'ইকুইলার প্রাচীন ব্যাসিলিকা এবং স্টেশন ভবনের একাংশ ভেঙ্গে পড়ে। শহরটি থেকে ১০০ কিলোমিটার দূরে রাজধানী রোমের অনেক ভবনও এ পরাঘাত কেঁপে ওঠে। রাতের এ পরাঘাতের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। লা'ইকুইলার মেয়র জানান, রোইয়ো এলাকায় এ পরাঘাতে এক ব্যক্তি মারা গেছেন। কিন্তু দমকল বিভাগ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ওদিকে, ভূমিকম্প বিধ্বস্ত লা'ইকুইলায় সফরে এসে প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকুনি জনসাধারণকে বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে, উদ্ধারকাজ শেষ হতে আরও দুদিন লেগে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা মোতায়েন করেছেন বার্লুসকুনি। বিধ্বস্ত এলাকা সফর করে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে সেখানে আশ্রয়হীন হয়ে পড়া প্রায় ১৪,০০০ মানুষের জন্য আরও ২০টি অস্থায়ী তাঁবু-শিবির এবং ১৬টি গণরন্ধনশালা নির্মাণের প্রতিশ্র"তি দেন। উদ্ধারকাজের পাশাপাশি গৃহহীন লোকজনের জন্য শহর এবং আশপাশের বিভিন্ন পার্ক ও ফুটবল মাঠে ইতিম্যধ্যেই কয়েকটি শিবিরে কয়েকশত অস্থায়ী তাঁবু খাটানো হয়েছে এবং উপকূলীয় অঞ্চলটির বহু হোটেল-মোটেলও সাময়িকভাবে ব্যবহারের ব্যবস্থা করেছে সরকার। মঙ্গলবার সারাদিন ও রাতেও লাগাতার উদ্ধার অভিযান চালায় শত শত উদ্ধারকর্মী। এদের অনেকেই স্বেচ্ছাসেবক। ইলেক্ট্রনিক যন্ত্রের পাশাপাশি খালি হাতেও ধ্বংসস্তুপ ছাড়িয়ে লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায় তারা। এসময় চারতলা একটি ভবনের নীচ থেকে প্রায় ৪২ ঘন্টা পর ২০ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধারের পর উল্লাসে মেতে ওঠেন উদ্ধারকারী ও সমবেত লোকজন। কিন্তু সারাদিন ধরেই একের পর এক মৃতদেহ খুঁেজ পায় উদ্ধারকর্মীরা। লা'ইকুইলার একটি স্কুলে অস্থায়ী মর্গে রাখা হয়েছে সব লাশ। কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা পৌঁছে গেছে ২৩৫ জনে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার শহরের লরেটো আপরুটিনো এলাকায় নিহতদের প্রথম শেষকৃত্যটি অনুষ্ঠিত হবে। পাসকারার আর্চবিশপ শেষকৃত্যানুষ্ঠান পরিচালনা করবেন। সোমবারের ভূমিকম্পে আহত হয়েছেন প্রায় ১,০০০ মানুষ। এদের মধ্যে প্রায় ১০০ জনের অবস্থা গুরুতর। নিখোঁজের সংখ্যা প্রায় অর্ধশত। আহত কয়েক'শ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন স্থানে জরুরি চিকিৎসা সহায়তা দিচ্ছে চিকিৎসাকর্মীরা। রাজধানী রোমের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত ১৩ শতকের প্রাচীন শহর লা'ইকুইলার প্রায় ১৭,০০০ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে এ ভয়াবহ দুর্যোগে। শহরটির কয়েক হাজার ঐতিহ্যবাহী বাড়িঘর, গির্জা ও অন্যান্য দালানকোঠা ভেঙে পড়েছে। রাজধানী রোমের ৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে সোমবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩০ মিনিটের সামান্য পরে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৩ এর মধ্যে এবং এর কেন্দ্র ছিল পার্বত্য আবরুজ্জো অঞ্চলে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর পর আশপাশের অঞ্চলে ভূমিকম্পের কয়েকটি পরাঘাত টের পাওয়া গেছে। বাড়িঘর ধসে প্রাচীন শহরটির বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে রাস্তায় থাকা অনেক যানবাহনও। এছাড়া মূল শহরকে ঘিরে গড়ে ওঠা আশপাশের বেশকিছু আধুনিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিধ্বস্ত শহরটি ইতালির একটি সমৃদ্ধ পুরাকীর্তি অঞ্চল। এ শহরে রোমানেস্ক এবং রেঁনেসা যুগের বহু গীর্জা ও অন্যান্য স্থাপত্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০৫ ঘ.