২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঘোষিত সফরে বাগদাদে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার অঘোষিত সফরে বাগদাদে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার প্রথম ইরাক সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

বাগদাদ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার অঘোষিত সফরে বাগদাদে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার প্রথম ইরাক সফর। স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে এয়ার ফোর্স ওয়ানে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওবামা। এরপর দ্রুত গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় মার্কিন সেনাঘাঁটি ক্যাম্প ভিক্টরিতে। সেখানে তিনি সেনা কমান্ডার জেনারেল রে ওডিয়ার্নোর সঙ্গে সাক্ষাৎ করেন। ক্যাম্প ভিক্টরিতে সেনা সদস্যদের উদ্দশে ওবামা বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়াতে আপনারা ইরাককে অনেক সহযোগিতা করেছেন। তিনি বলেন, "এটি একটি অনেক বড় সাফল্য এবং এজন্য আমারিকার মানুষ আপনাদের ধন্যবাদ জানায়।" ইরাকে একটি কার্যকর অভিযান পরিচালনার জন্য জেনারেল ওডিয়ার্নোকে ধন্যবাদ দেন ওবামা। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, "এখন সময় এসেছে, ইরাকিদের তাদের নিজের দেশের দায়িত্ব নেওয়া শুরু কতে হবে।" মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদে অবস্থানকালীন প্রেসিডেন্ট জালাল তালাবানির সঙ্গে টেলিফোনে কথা বলবেন ওবামা এবং ক্যাম্প ভিক্টরিতেই তিনি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এর আগে জানান, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে চলাচলে সমস্যা থাকায় ওবামা ইরাকি নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করে টেলিফোনে কথা বলবেন। ওবামার ইরাক সফরের কারণ জানতে চাইলে গিবস বলেন, "সেখানে অবস্থানরত আমেরিকান সেনাদের সঙ্গে কিছু সময় কাটানোর পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে।" নিরাপত্তার কারণে কোনো আগাম ঘোষণা ছাড়াই তিনি তুরস্ক থেকে সরাসরি ইরাকে পৌঁছেছেন। গুরুত্বপূর্ণ সফরে লন্ডনে জি-টোয়েন্টি এবং ফ্রান্স-জার্মানির যৌথভাবে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের পর ইউরোপের কয়েকটি দেশ ঘুরে তিনি ইরাকে গেলেন। ইরাকে অজনপ্রিয় যুদ্ধ শেষ করে আফগানিস্তানে দিকে নজর ফেরাতে চেষ্টা করছেন ওবামা। গত নভেম্বরে নির্বাচনের আগে প্রচারণার সময় তিনি প্রতিশ্র"তি দিয়েছিলেন যত দ্রুত সম্ভব ইরাক যুদ্ধ শেষ করে সেনাদের দেশে ফিরিয়ে আনবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২৩০৫ ঘ.