লন্ডন, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় সেনাবাহিনী এবং তামিল টাইগারদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে ব্রিটেনের হস্তক্ষেপের দাবিতে মঙ্গলবার লন্ডনে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে কয়েকশ' তামিল।
বিক্ষোভকারীদের মধ্যে দুজন টেমস নদীর ওপর একটি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর সেখানে পুলিশ, মেরিন সেনা এবং লাইফবোট মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দুই বিক্ষোভকারীকে সঙ্গে সঙ্গে নদী থেকে তুলে হাসপাতালে পাঠানো হয়েছে।
পার্লামেন্ট অভিমুখে রাস্তায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজের ওপর এবং পার্লামেন্ট স্কয়ার থেকে প্রায় পাঁচশ বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ চারজনকে আটক করে।
পুলিশের এক মুখপাত্র বলেন, "পার্লামেন্ট স্কয়ারে এখনও পায় পাঁচশ বিক্ষোভকারী আছে। তাদের সংখ্যা আরও বাড়তে পারে এ আশঙ্কায় সেখানে একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হতে পারে।"
সোমবার প্রায় তিন হাজার বিক্ষোভকারী ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং বিগ বেন এর অভিমুখের রাস্তার ওপর অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করে। অনেকে সঙ্গে নিয়ে আসে ছোট ছোট বাচ্চাদের।
পরে রাস্তা দখল করে নিয়ে কয়েকশ' বিক্ষোভকারী রাতভর সেখানে অবস্থান করে। মঙ্গলবার সকালের দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
বিক্ষোভকারীদের একজন আরজুনান এথিরভেরাসিঙ্গম রয়টার্সকে বলেন, "শ্রীলংকায় আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে যুদ্ধবিরতি চালু করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ব্রিটেন তার ক্ষমতা কাজে লাগাবে এটাই আমরা চাই।"
ব্রিটিশ তামিল ফোরাম জানিয়েছে, তামিল ছাত্ররাই এই বিক্ষোভের আয়োজন করেছে। তারা আশঙ্কা করছে, শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে উপকূলবর্তী নো ফায়ার জোনে বিদ্রোহিদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত রাখলে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হতে পারে।
জাতিসংঘ জানিয়েছে, 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা এলটিটিই মানব ঢাল হিসেবে ব্যবহারের জন্য ওই এলাকায় ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিককে আটকে রেখেছে। বিদ্রোহিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানের আগে এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪০ ঘ.
bdnews24