বাগদাদ, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে সোমবার ছয়টি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত এবং বহুসংখ্যক মানুষ আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদের পূর্বাঞ্চলীয় শিয়া সদর সিটির বস্তি এলাকার বাজারে একটি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত এবং ৬৫ জন আহত হয়।
কাজের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক দলের কাছে আরেকটি বোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।
বাগদাদের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে হুসেইনিয়া এলাকার একটি বাজারে আরও দুটো বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। বাগদাদের পূর্বাঞ্চলে রাস্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় নিহত হয়েছে দুইজন।
প্রত্যক্ষদর্শী দোকানদার আব্দূর জাবার সাদ বলেন, বিস্ফোরণে ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি শিশু আহত হয়েছে।
চারটি বিস্ফোরণের পর দক্ষিণ বাগদাদের উম আল-মালিফ এর কাছে বাজারে আরও দুটি পৃথক বোমা হামলার ঘটনায় ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
বাগদাদের শিয়া পরিচালিত সরকার এক সপ্তাহব্যাপী সুন্নি আরব যোদ্ধাদের গ্রেপ্তার অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে সর্বশেষ এতগুলো বোমা হামলার ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫০ঘ.
bdnews24