২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে অভিবাসী কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি শহরে অভিবাসীদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ভবনে শুক্রবার বন্দুকধারীর বেপরোয়া গুলিতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। ঐ ব্যক্তি অস্ত্রের মুখে আরও অনেককে জিম্মি করে রেখেছে। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

নিউ ইয়র্ক, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি অনলাইন)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি শহরে অভিবাসীদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ভবনে শুক্রবার বন্দুকধারীর বেপরোয়া গুলিতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। ঐ ব্যক্তি অস্ত্রের মুখে আরও অনেককে জিম্মি করে রেখেছে। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। ডব্লিউএনবিএফ রেডিওর নিউজ ডিরেক্টর সিএনএনকে জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির উত্তরে বিংহ্যামটনে 'আমেরিকান সিভিক অ্যসোসিশন'র ভবনে বন্দুকধারীর হামলায় ১৩ জনের বেশি নিহত হতে পারে। পুলিশ এবং অসমর্থিত সূত্রের বরাত দিয়ে তিনি এ খবর দিয়েছেন। আমেরিকান সিভিক অ্যাসোসিয়েশন ১৯৩৯ সালে অভিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি অভিবাসী এবং শরণার্থীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। নিউ ইয়র্ক সিটির গভর্নর ডেভিড পেটারসন নিশ্চিত করেছেন, এ ঘটনায় ১২ থেকে ১৩ জন নিহত হয়েছে। তিনি বলেন, "আমেরিকান সিভিক অ্যাসেসিয়েশনের ভবনে ঢুকে পড়ে এক ব্যক্তি গুলি চালায়........ এতে ১২ থেকে ১৩ জন নিহত হয়েছে।" "এটি নিউ ইয়র্কের জন্য একটি বিষাদময় দিন।" নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও আছে বলে নিরাপত্তারক্ষীরা সিএনএনকে জানিয়েছে। এর আগে ডব্লিউবিএনজি টেলিভিশন জানায়, পুলিশ ১২ জনের হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে এর বেশি আর কিছু তারা জানায়নি। কেন্দ্রীয় এবং রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ২৬ জন আহত হয়েছে এবং আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছে। নিউজ টেন নাউ টেলিভিশন জানিয়েছে, ঘটনাস্থল থেকে হাতকড়া পরিয়ে দুজনকে নিয়ে গিয়েছে পুলিশ। তবে তারা হামলাকারী কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তৃতীয় একজন সন্দেহভাজনের খোঁজে ওই ভবনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্কাই নিউজের খবরে জানানো হয়েছে, জিম্মিদের মধ্যে ২০ জনকে মুক্তি দিয়েছে বন্দুকধারী। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সন্দেহভাজন দুইজনকে হাতকড়া পরিয়ে যখন পুলিশের গাড়িতে তোলা হয়, তখন সেখানে উপস্থিত লোকজন উল্লাস করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতবন্দুক উদ্ধার করেছে। ডব্লিউএনবিএফ রেডিওর নিউজ ডিরেক্টর সিএনএনকে এক সাক্ষাতকারে জানিয়েছেন, পুলিশ যে দুজনকে আটক করেছে তারা এশিয়ার কোনো দেশের নাগরিক। পুলিশ সূত্রের বরাত দিয়ে ডব্লিউবিএনজি টেলিভিশন জানিয়েছে, বন্দুকধারী যখন গুলি করতে করতে ভবনে ঢুকে যায় তখন সেখানে ৪১ জন উপস্থিত ছিল। এক প্রত্যক্ষদর্শী ডব্লিউএনবিএফ রেডিওকে বলেন, "আমেরিকান সিভিক অ্যাসোসিয়েশনের ভবন থেকে ১৫ জন হাত মাথার উপরে তুলে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে। পুলিশ তাদের ঘিরে রেখে অ্যাম্বুলেন্সে তুলে দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এইচএ/০১২৪ঘ.