নয়াদিল্লি, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এপ্রিল-মে মাসের সাধারণ নির্বাচনের পর ভারতে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিতে পারে। জাতীয় রাজনীতির প্রধান দুটি জোট ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) এবং ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) আঞ্চলিক মিত্রদের ধরে রাখতে হিমশিম খেতে থাকায় নির্বাচনে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে একটি দুর্বল কিংবা স্বল্প-আয়ুর সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বিরোধে কমিউনিস্টরা কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ছাড়া গত পাঁচ বছর ধরে মোটামুটি একটি স্থিতিশীল জোট নিয়েই দেশ শাসন করতে পেরেছে কংগ্রেস। কিন্তু ভারতের রাজনৈতিক অঙ্গনে কয়েক দশকের আধিপত্য সত্ত্বেও এখন অনেক আঞ্চলিক দল আর রাজনৈতিক গ্র"পগুলোর কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কংগ্রেস।
অন্যদিকে, হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি'র নেতৃত্বাধীন জোটও বিভিন্ন স্থানে মিত্র হারাচ্ছে। দক্ষিণ ভারতের তামিল নাড়ুতে তাদের উপস্থিতি খুবই দুর্বল। আর উত্তরের অনেক রাজনৈতিক দলই মুসলিম ভোটারদের দলে টানতে বিজেপির কাছ থেকে দূরত্ব বজায় রাখছে।
ওদিকে, এ বছরের নির্বাচনকে ঘিরে ছোট ছোট নয়টি আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' গঠিত হয়েছে কমিউনিস্টদের নেতৃত্বে। ফলে জাতীয় পর্যায়ে ভোটের রাজনীতির মেরুকরণ অনেকটাই পাল্টে ফেলতে পারে এ তৃতীয় মোর্চা।
আগামী ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত জাতীয় পার্লামেন্টের নির্বাচনে বোঝা যাবে নতুন এ হিসেব-নিকেশ শেষ পর্যন্ত কোথায় গড়ায়। ভারতের পার্লামেন্টের ৫৪৩টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের উদ্বেগ কংগ্রেস বা বিজেপি জোট কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে শেষতক একটা ঝুলন্ত পার্লামেন্টের দিকে যেতে পারে ভারত।
কিন্তু শুধু রাজনৈতিক বিশ্লেষকরাই নয়, উদ্বিগ্ন বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরাও। তারা বলছেন, একটা দুর্বল সরকার বা ঝুলন্ত পার্লামেন্ট হলে নীতি নির্ধারণ নিয়ে অনেক বেশি বাকবিতণ্ডা হবে। তাতে করে জটিল পরিস্থিতিতে পড়তে পারে ভারত। কেননা বিশ্ব অর্থনৈতিক মন্দার অভিঘাত ভারতে ক্রমশ তীব্র হচ্ছে।
এডেলউইস সিকিউরিটিজের ইন্সটিটিউশনাল ইকুইটিসের যুগ্ম প্রধান বিকাশ খেমানি বলেন, "বেশিরভাগ নির্বাচনপূর্ব জোটই ভেঙে পড়ছে। অবস্থা দেখে মনে হচ্ছে অনেক আঞ্চলিক দলই ক্ষমতায় ভাগ বসানোর চেষ্টা করবে এবং যার যার হিস্যা বুঝে নেবে।"
তিনি জানান, "এ অবস্থাটি অনেককেই উদ্বিগ্ন করে তুলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24