লন্ডন, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- বিশ্ব অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন জি-টোয়েন্টি সম্মেলনের নেতারা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আর্থিক সঙ্কট মোকাবেলায় নেতারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কোষাগার তিনগুণ (৭৫০ বিলিয়ন ডলার) করাসহ নতুন অর্থনৈতিক নিয়মনীতি প্রচলনের কথা ভাবছেন। আইএমএফ সংশ্লিষ্ট কয়েকটি সূত্র একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
মুদ্রা তহবিল ও উন্নয়নশীল দেশগুলোর কয়েকটি সূত্র জানিয়েছে, সম্মেলনের সর্বশেষ খসড়া ঘোষণাপত্রে আইএমএফ এর কোষাগার ৫০০ বিলিয়ন ডলার বাড়িয়ে তা ৭৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার কথা বলা হয়েছে। যাতে করে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটাপন্ন দেশগুলো জরুরি ভিত্তিতে তহবিল পেতে পারে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং জি-টোয়েন্টি সম্মেলনের দূত মার্ক ম্যালোচ ব্রাউন বিবিসি বেতারে বলেন, "আমরা বড় অঙ্কের তহবিল পাব বলেই মনে করছি।"
বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রয়োজনে আইএমএফ আন্তর্জাতিক বাজারগুলো থেকে ঋণ নিতেও সক্ষম হবে। আরেকজন ব্রিটিশ মন্ত্রী বলেছেন, নেতারা আইএমএফ এর সঞ্চিত সোনা বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এতেও আইএমএফ এর তহবিল আরও বাড়বে। তবে এ বিষয়গুলোতে তাৎক্ষণিকভাবে কোনও সিদ্ধান্ত আশা করছেন না তিনি।
লন্ডনে জি-টোয়েন্টি সম্মেলনের একটি সূত্র রয়টার্সকে বলেছে, বিশ্বে বাণিজ্যের প্রবাহ সাবলীল করতে জি-টোয়েন্টি নেতারা ২৫০ বিলিয়ন ডলারের অর্থ-বাণিজ্য পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে মতৈক্যের কাছাকাছি পৌঁছেছেন। বাণিজ্য ধস ঠেকাতে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার বরাদ্দের কথা ভাবছেন ব্রাউন।
ইউরোপের শীর্ষ বাণিজ্য গ্র"প 'বিজনেস ইউরোপ' এ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ঊর্ধ্বতন উপদেষ্টা এওন ও মেল্লায় বলেন, "একলাফে বিশ্ব বাণিজ্য প্রবাহ গতিশীল করতে এটি ইতিবাচক পদক্ষেপ এবং সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ অবদান।"
তিনি রয়টার্সকে বলেন, "কিন্তু এখন মূল ব্যাপারটি হচ্ছে এর বাস্তবায়ন। যে সমস্ত কোম্পানীগুলোর সাহায্য দরকার তাদেরকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দিতে জি-টোয়েন্টির দেশগুলোর সরকারকে এখন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ ঘ.
bdnews24