২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনার আগে যুদ্ধবিমান পরীক্ষা শুরু করছে ভারত

বিশাল বহরের যুদ্ধবিমান কেনার আগে খুব শিগগির বিভিন্ন কোম্পানির বিমান পরীক্ষা করা শুরু করবে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

নয়াদিল্লি, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশাল বহরের যুদ্ধবিমান কেনার আগে খুব শিগগির বিভিন্ন কোম্পানির বিমান পরীক্ষা করা শুরু করবে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ভারতকে প্রায় ১০ বিলিয়ন ডলারে ১২৬টি যুদ্ধবিমান সরবরাহ করতে গত বছর দরপত্রে অংশ নিয়েছিল ছয়টি বিদেশি কম্পানি। বিমান কেনার আগে এর ক্ষমতা, দক্ষতা এবং বিভিন্ন পরিবেশে এর উপযোগিতা যাচাই করার জন্যই পরীক্ষা করে দেখবে ভারত। সরবরাহ আদেশ পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কর্পোরেশন ও বোয়িং কোম্পানি প্রতিযোগিতায় নেমেছে রাশিয়ার মিগ-থারটি ফাইভ, ফ্রান্সের ডাসাল্ট র‌্যাফেল, সুইডেনের সাব কেএএস-থারটি নাইন গ্রিপিন এবং ব্রিটিশ, জামার্ন, ইতালিয়ান ও স্পেনিশ কোম্পানিগুলোর জোট ইউরোফাইটার টাইফুনের সঙ্গে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এপ্রিল-মে মাসের সাধারণ নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এসে বিমান কেনার চুক্তির বিষয়ে নতুন করে পদক্ষেপ নেবে। তবে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান পরীক্ষার কাজ মে মাসের শেষ নাগাদ শুরু হয়ে যাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শীতাংশু কর বলেন, "নির্বাচনের জন্য যুদ্ধবিমান পরীক্ষার কাজ বাধাগ্রস্ত হবে না। ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যে বিমান পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং সবকিছু ঠিকঠাক এগুচ্ছে।" সোভিয়েত আমলের সমরাস্ত্র ব্যবস্থাকে আধুনিকায়ন করতে ভারত আগামী পাঁচ বছরে ৩০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আগামী বছর তারা প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করবে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমান সরবরাহের দরপত্রে অংশ নেওয়া কয়েকটি কোম্পানির সঙ্গে ভারতীয় কর্মকতাদের গত সপ্তাহে আলোচনা হয়েছে এবং পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তা অব্যহাত থাকবে। লকহিড মার্টিন কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানির প্রস্তুতি দেখভাল করার জন্য তাদের একটি বিশেষ কারিগরি দল ইতোমধ্যে ভারতে পৌঁছেছে। পরীক্ষা কার্যক্রম শুরু করার আগে উচ্চ-প্রযুক্তির এসব যুদ্ধবিমান চালানোর জন্য ভারতীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। লকহিডের ভারতীয় শাখার প্রধান নির্বাহী ডগলাস এ হার্টউইক রয়টার্সকে বলেন, "পরীক্ষার কাজ শুরু করতে আমরা প্রস্তুত। পাইলটদের বিমান চালানোর উপযোগী করে তুলতে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ প্রয়োজন হবে।" লকহিড গত বছর ভারতের কাছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলারের ছয়টি সি-ওয়ানথারটি জে সামরিক পরিবহন বিমান বিক্রি করেছে এবং এখন তারা ভারতের কাছে এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিক্রির চেষ্টা করছে। বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, লকহিড এবং তাদের স্বদেশি প্রতিযোগী বোয়িং কর্পোরেশনের এই কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বোয়িং ভারতের কাছে তাদের 'সুপার হর্নেটস' যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮২৯ ঘ.