২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেতানিয়াহুর ডানপন্থি সরকার অনুমোদন করার পর তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:33 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

জেরুজালেম, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেতানিয়াহুর ডানপন্থি সরকার অনুমোদন করার পর তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেন। মন্ত্রীসভার উদ্বোধনী বক্তব্যে নেতানিয়াহু ইসরায়েলের সঙ্গে শান্তি সম্ভব বলে ফিলিস্তিনিদের আশ্বস্ত করেন। তবে একইসঙ্গে তিনি ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে চাওয়ায় ইরান এবং "চরমপন্থি ইসলামের" বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আমাদের ইসরায়েল রাষ্ট্র এবং মানবতার জন্য এটাই সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে যে, একটি উগ্রবাদী শাসকগোষ্ঠী নিজেদের পরমাণু অস্ত্রসজ্জিত করছে।" গত ১০ই ফেব্র"য়ারির নির্বাচনে জিতে দেশের বৃহত্তম রাজনৈতিক জোট হিসেবে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে ১০ বছর পর আবার প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু। নতুন মন্ত্রিসভায় তিনি কট্টর জাতীয়তাবাদী লিবারম্যানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন। পার্লামেন্টে নেতানিয়াহুর নতুন সরকার ৬৯-৪৫ ভোটে অনুমোদন পায়। ভোটদানে বিরত থাকে ৫ জন। ৬ ঘন্টার বিতর্ক শেষে নেতানিয়াহু ও অন্যান্য মন্ত্রীরা শপথ নেন। নেসেটের অধিবেশনে নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় চরম হট্টগোল শুরু করেন আরব এবং বামপন্থি আইনপ্রণেতারা। এসময় তিনি বলেন, "আমি ফিলিস্তিনি নেতৃত্বকে বলতে চাই আপনারা যদি শান্তি চান তাহলে আমরা শান্তি অর্জন করতে পারব।" ফিলিস্তিনি কর্তৃৃপক্ষের সঙ্গে "অর্থনৈতিক, নিরাপত্তা এবং কূটনৈতিক" এ তিনটি বিষয়ে সমান্তরাল আলোচনা চালিয়ে যাওয়া প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। তবে, ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপের বর্ণনা দিতে গিয়েও 'স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র' সম্পর্কিত কোনো কথা বা উচ্চারণ না করে বিষয়টিকে পাশ কাটিয়ে যান তিনি। অবশ্য, নেতানিয়াহুর জোট সরকারে বিভিন্ন দলকে নিয়ে যে জটিল সমঝোতা হয়েছে তাতে ইসরায়েলের স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি মেনে চলার কথা বলা হয়েছে। আর ইসরায়েলের আন্তর্জাতিক চুক্তিগুলোর মধ্যে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র সমাধানের কথা বলা হয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, "একটি স্থায়ী সমাধানের ক্ষেত্রে ফিলিস্তিনিদের নিজেদেরকে শাসন করবার মতো প্রয়োজনীয় কর্তৃত্ব থাকবে, তবে যারা ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্বকে হুমকিতে ফেলতে পারা তারা এর আওতায় পড়বে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩২ ঘ.