লাহোর, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক ক্ষমতা লাভের দিকে তাকিয়ে আছে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি। দলীয় নেতারা রোববার একথা জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার ভাই শহবাজ শরিফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ে পাকিস্তানে ক্ষমতার লড়াইয়ের সম্মুখীন হয়েছে এবং জারদারির দলের জন্য পাঞ্জাবের ক্ষমতা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
পাকিস্তান সুপ্রিম কোর্ট গত বুধবার জারদারির প্রধান প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফ এবং তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে নির্বাচনে প্রার্থিতার অযোগ্য ঘোষণা করে এবং শাহবাজকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়।
আদালতের ওই আদেশের পর পাঞ্জাবে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে সেখানে দুই মাসের জন্য কেন্দ্রীয় শাসন জারি করেন জারদারি।
এ পরিস্থিতিতে পাঞ্জাবে নতুন নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরী হয়েছে। ফলে নির্বাচনে অংশ নিয়ে প্রাদেশিক সরকার গঠনের সুযোগ তৈরী হয়েছে জারদারির পিপিপি'র জন্য।
পিপিপি নেতা এবং পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে দলটির সম্ভাব্য প্রার্থী কাশিম জিয়া বলেছেন, "হ্যাঁ, আমরা ওই (পাঞ্জাবে সরকার গঠনের) অবস্থায় আছি।"
এ প্রদেশেটিতে ক্ষমতার অন্য প্রধান ভাগীদার পাকিস্তান মুসলিম লীগ -কায়েদে আজম (পিএমএল-কিউ)। সাবেক প্রেসিডেন্ট মুশাররফকে সমর্থন দিয়ে একসময় মুসলিম লীগের এ শাখাটি মূল দল থেকে বেরিয়ে গিয়েছিল। নওয়াজ প্রধান অংশের নেতৃত্ব দিচ্ছেন। তবে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে পিএমএল-কিউ হয়ে উঠবে পাঞ্জাবের কিং মেকার।
প্রদেশটিতে নতুন রাজনৈতিক মেরুকরণ প্রসঙ্গে তিনি বলেন, "নতুন মেরুকরণ এবং নতুন জোটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়...আমি খুবই আশাবাদী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১০ ঘ.
bdnews24