নয়াদিল্লি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতীয় আদালতে মুম্বাই হামলার বিচার শুরু হয়েছে সোমবার। ওই হামলায় বেঁচে থাকা একমাত্র বন্দুকধারী হিসেবে অভিযুক্ত মোহাম্মদ আজমল কাসাব আদালতে নিজেকে পাকিস্তানি বলে স্বীকার করেছেন। একইসঙ্গে আত্মপক্ষ সমর্থনে আইনি সহায়তা দাবি করেছেন তিনি। একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
মামলায় ভারতীয় পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা রাজেশ মারিয়া টেলিফোনে রয়টার্সকে বলেন, "তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে তিনি পাকিস্তানি। একইসঙ্গে আইনি সহায়তাও দাবি করেছেন তিনি।"
ফেব্র"য়ারি মাসে মোহাম্মদ আল কাসাবের বিরুদ্ধে "ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর" দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। গত বছর নভেম্বরে মুম্বাইয়ে তিনদিনের ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়।
রাজেশ মারিয়া জানান, "শুনানি আজকের মতো শেষ হয়েছে এবং শুনানির পরবর্তী তারিখ শিগগিরই জানা যাবে।" সোমবারের এ শুনানিতে আদালতে ভিডিও লিঙ্কের মাধ্যমে মুম্বাই থেকেও যোগ দেন সংশ্লিষ্টরা।
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইয়ে এ সন্ত্রাসী হামলায় পরমাণু অস্ত্র সমৃদ্ধ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ইসলামাবাদ প্রাথমিকভাবে বলেছিল যে, কাসাব পাকিস্তানের নাগরিক নয়। অবশ্য পরবর্তীতে দেশটি তা স্বীকার করে।
এই মামলায় কাসাবসহ মোট ৩৮ ব্যক্তিকে অভিযুক্ত করেছে ভারত। মামলাটিতে প্রায় ১১,০০০ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে ২২০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই'র দেওয়া তথ্যপ্রমাণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
হামলা পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা'র প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়ীদ এবং জাকি উর-রেহমান লখভি এবং জারার শাহ এর মতো উর্ধ্বতন লস্কর নেতাদের অন্তর্ভূক্ত করে অভিযুক্ত করা হয়।
মুম্বাই হামলার জন্য লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। একইসঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোরও এতে হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24