জেরুজালেম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডিসেম্বর-জানুয়ারিতে গাজা অভিযানের সময় ইসরায়েলি সেনারা চিকিৎসা নৈতিকতার নীতিমালাগুলো মেনে চলেনি বলে সোমবার অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন 'ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল' (পিএইচআর)।
গাজায় ২২ দিনের আগ্রাসনে ইসরায়েল ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এজন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধপরাধের তদন্ত হওয়া দরকার বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ফিলিস্তিনিদের দাবির পর এবার খোদ ইসরায়েলের এ মানবাধিকার গ্র"পটি এ অভিযোগ উত্থাপন করল।
ইসরায়েলি সংগঠন পিএইচআর তাদের প্রতিবেদনে জানায়, "ইসরায়েলি সেনাবাহিনী যে শুধু আটকেপড়া আহত পরিবারগুলোকে উদ্ধার করে সরিয়ে নেয়নি তাই নয় বরং তারা ফিলিস্তিনি মেডিক্যাল টিমগুলোকে এসব পরিবারকে উদ্ধারের কাজে বাধা দিয়েছে।"
পিএইচআর-এর প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলের ওই হামলায় ২৬জন ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তা নিহত হয়েছেন এবং কর্তব্যপালনকালে আহত হয়েছেন আরও ২৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, আটটি হাসপাতালসহ ৩৪টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল।
ওদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা আগ্রাসন শেষ হওয়ার পরদিন ১৯ জানুয়ারিতে পিএইচআর এর দায়ের করা একটি আবেদন উচ্চ আদালত খারিজ করে দিয়েছে এবং এখনও ওই অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24