জেরুজালেম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রতিবাদের মুখে গাজায় খাবার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলে বিদায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে বলেছেন, গাজায় পাস্তা ও পনিরের মতো খাবার সরবরাহের ওপর থেকে বাধানিষেধ উঠিয়ে নেওয়া হবে।
হামাস নিয়ন্ত্রিত গাজায় খাবার প্রবেশ করতে না দেওয়ার ইসরায়েলি পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বারাক ওবামা সরকার। এই নিষেধাজ্ঞার ফলে জনবহুল গাজায় বেশ কয়েক ধরনের নুডুলস, ফলের জ্যাম ও অন্যান্য অনেক খাবার সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ইসরায়েল একবার গাজার জন্য নিয়ে যাওয়া ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জাহাজ বোঝাই খাবারও কয়েক সপ্তাহব্যাপী আটকে রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কূটনীতিকরা সোমবার জানিয়েছেন, ওলমার্টের কার্যালয় ওয়াশিংটন ও ব্রাসেলসকে জানিয়েছে যে, ইসরায়েল সব ধরনের খাবারই গাজায় প্রবেশ করতে দেবে।
ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, "সরকারের নীতি পরিস্কার। সব খাবারই মানবিক। আর আমাদের নীতি অনুযায়ী, সব মানবিক সরবরাহই চলতে পারে। এটি যে পরিস্কার সেটি আমরা নিশ্চিত করে জানিয়েছি।"
তবে পশ্চিমা কূটনীতিকরা ইসরায়েলের এই ঘোষণাকে সতর্ক দৃষ্টিতেই দেখছেন। কারণ, বিদায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের নির্দেশ গাজা সীমান্তের ইসরায়েলি সেনা কর্মকর্তারা পালন করবেন কিনা তা বোঝা যাচ্ছে না।
তাছাড়া, খাবারের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন: টয়লেট পেপার, সাবান, টুথপেস্ট-- এগুলোর ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে কিনা তাও ষ্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ ঘ.
bdnews24