২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইরান প্রস্তাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহায়ক: এলবারাদি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সুসম্পর্কের প্রস্তাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সহায়ক হতে পারে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান মহাম্মদ এলবারাদি মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

কুইটো, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সুসম্পর্কের প্রস্তাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সহায়ক হতে পারে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান মহাম্মদ এলবারাদি মঙ্গলবার একথা বলেছেন। ওবামা গত সপ্তাহে ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর প্রস্তাব দেন। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে ফিলিস্তিন ও লেবাননের মুসলিম গ্র"পগুলোকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। কুইটো সফরকালে আইএইএ প্রধান এলবারাদি দোভাষীর মাধ্যমে বলেন, "ওবামা কোনও পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা বলছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তায় এর খুবই ইতিবাচক প্রভাব পড়তে পারে।" ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে সফররত এলবারাদি আরও বলেন, ইরান ওয়াশিংটনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে তিনি আশা করেন। ওবামার কূটনৈতিক যোগাযোগ শুরুর প্রস্তাবে ইরান যুক্তরাষ্ট্রকে নীতি পরিবর্তনের শর্ত দিয়েছে। ভিডিওটেপে ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরুর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আবেদনের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সহযোগী আলীআকবর জাভানফেকর গত ক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উচিত ইরান নীতি আমূল বদলে ফেলা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দশক ধরে কূটনৈতিক সম্পর্ক নেই। ইরানকে 'শয়তানের অক্ষচক্রের' দেশ আখ্যা দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে 'একঘরে' নীতি নিয়েছিলেন ওবামা প্রশাসন তা থেকে অনেকটাই সরে এসে ইরানের সঙ্গে খোলামনে সরাসরি কূটনৈতিক যোগাযোগ শুরুর আগ্রহ দেখিয়েছে। সেইসঙ্গে ইরানের প্রতি মার্কিন নীতি নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে ওয়াশিংটনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৭ ঘ.