রাঁচি, ভারত, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে দলগুলো যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মতো যোগ্য প্রার্থী দেয় তার জন্য ঝাড়খণ্ডে গরিব ভোটাররা বুধবার প্রার্থণা করেছে।
ঝাড়খণ্ডের রাজ্যের রাঁচি শহরে বুধবার আগুন জ্বালিয়ে এর চারপাশে বসে স্ত্রোত পাঠ করে প্রার্থনা করেছে প্রায় একশ' মানুষ। তাদের অধিকার আদায়ের জন্য লড়বেন এমন যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেওয়ার অঙ্গীকার করেন এ সময়।
৭১ বছরের শৈলেন সেন বলেন, "ওবামার মতো নেতাই কেবল পারেন দেশের ভাগ্য পরিবর্তন করতে।"
এই বিশেষ প্রার্থনার আয়োজক মুখতার সিং বলেন, "ওবামা আমাদের জন্য আদর্শ। তাই তার মতো প্রার্থী দেওয়ার জন্য কংগ্রেস বা বিজেপির প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। যারা ওবামার আদর্শ অনুসরণ করবেন।"
এপ্রিল-মে মাসের নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) এবং হিন্দু-জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এর মধ্যে।
কমিউনিস্টদের নেতৃত্বে নয়টি ছোট ছোট দলের সমন্বয়ে 'তৃতীয় মোর্চা' এ দুই প্রধান জাতীয় রাজনৈতিক জোটের বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
তবে ভারতের অনুন্নত অংশের গরিব ভোটাররা তাদের এলাকার প্রার্থীদের নিয়ে প্রায়ই সন্তুষ্ট হতে পারে না। অনেক প্রার্থী সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং নির্বাচিত হওয়ার পর অনেকেই আর ভোটারদের খোঁজখবর রাখা না বলে তার অভিযোগ করে থাকেন।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা জয়ী হওয়ার পর ঢোল বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে এবং মিষ্টি বিতরণ করে উৎসবে মেতেছিল অনেক ভারতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২২১ ঘ.
bdnews24