জেনেভা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বিশ্বে বিশেষত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোই খাবার ও জ্বালানি মূল্যের অস্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার ত্রিমুখী সঙ্কটের মুখে রয়েছে। জাতিসংঘের একটি সংস্থা কৃহস্পতিবার একথা জানিয়েছে।
জাতিসংঘের 'ইকোনোমিক এন্ড স্যোশাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক' (ইএসসিএপি) আঞ্চলিক জরিপ চালিয়ে বলেছে, এ অঞ্চলে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ দরিদ্র জনগোষ্ঠীর বাস এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগই এর কারণ।
ইএসসিএপি'র এক্সেকিউটিভ সেক্রেটারি নোয়েলিন হেইজার বলেন, "একইসঙ্গে তিনটি সঙ্কট দেখা দেওয়ায় বিশ্বের দরিদ্ররাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। যাদের প্রায় দুই-তৃতীয়াংশই বাস করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।"
এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রয়োজনের দিকটিতে নজর দিতে হলে স্পষ্টতই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরও বিশদ পরিকল্পনা দরকার। যাতে তাদের জন্য সামাজিক রক্ষণাবেক্ষণের নিশ্চয়তাসহ আয় নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা থাকবে। সেইসঙ্গে থাকবে অর্থনীতির চালিকাশক্তি মধ্য ও নিম্ন-আয়ের লোকদের অবাধে ব্যয় করার সামর্থ্য।
অর্থনতিক মন্দার কারণে বিভিন্ন দেশ সরকারি ব্যয় বাড়িয়ে অর্থনীতিতে যে বৃহত্তর ভূমিকা নিচ্ছে তাতে তাদের জন্য আরও বহুমুখী ও টেকসই উন্নয়ন নীতি নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে ইএসসিএপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৮ঘ.
bdnews24