জাতিসংঘ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকা যুদ্ধে আটকে পড়া বেসামরিক নাগরিক এলাকায় সেনারা প্রতিশ্র"তি ভঙ্গ করে গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে শ্রীলংকা এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই এলাকায় তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ে সেনারা ভারী অস্ত্র ব্যবহার করছে না।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত রোজেমারি ডি কার্লো সাংবাদিকদের বলেন, "শ্রীলংকা সরকার আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিক এলাকায় গোলাবর্ষণ চালিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তারা হাসপাতাল এবং বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গোলাবর্ষণ করছে।"
শ্রীলংকার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার রুদ্ধদ্বার অনানুষ্ঠানিক বৈঠকের পর কার্লো বলেন, "বেসামরিক এলাকাগুলোর কাছে গোলাবর্ষণ শিথিল করার জন্য আমরা শ্রীলংকা সরকারকে আহ্বান জানিয়েছি। আমরা প্রতিশ্র"তিও পেয়েছি। কিন্তু এখন এর ফলাফল দেখাটা জরুরি।"
শ্রীলংকার রাষ্ট্রদূত এইচ.এম.জি.এস পলিহাক্কারা গোলাবর্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে সরকার লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) গোলার পাল্টা জবাব দিচ্ছে বলে তিনি স্বীকার করেন।
তিনি বলেন, "সরকারি বাহিনী নিরাপদ এলাকায় ভারী অস্ত্রের গোলাবর্ষণ করছে না। কারণ, সেনাবাহিনী নিরাপদ এলাকার এত কাছে এসে পড়েছে যে, স্বল্প-পাল্লার ভারী অস্ত্র ব্যবহারের আর কোনও মানে হয় না।"
তবে তিনি এও বলেন, " আপনারা জানেন এলটিটিই নো ফায়ার জোন থেকে গোলাবর্ষণ করছে। এর পাল্টা জবাব দিতে গিয়ে কিছু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু এটি ইচ্ছাকৃত নয়। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৩ ঘ.
bdnews24