২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানরা পাকিস্তানি গোয়েন্দাদের সহযোগিতা পাচ্ছে: নিউইয়র্ক টাইমস

আফগানিস্তানে অভিযান চালাতে তালেবানরা পাকিস্তানের সামরিক গোয়েন্দাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে। নিউইয়র্ক টাইমস পত্রিকা বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ওয়াশিংটন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে অভিযান চালাতে তালেবানরা পাকিস্তানের সামরিক গোয়েন্দাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে। নিউইয়র্ক টাইমস পত্রিকা বুধবার একথা জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর গোয়েন্দা শাখা 'ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স' বা আইএসআইয়ের লোকেরা তালেবান ও অন্যান্য জঙ্গিদের সহযোগিতা করছে। এর মধ্যে আছে আর্থিক ও সামরিক সহযোগিতা এবং কৌশলগত নির্দেশনা। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, আফগানিস্তানে আগামী নির্বাচনের আগে তালেবানরা হামলার মাত্রা কমাবে নাকি বাড়াবে, এ নিয়ে আইএসআই এর এজেন্টরা তালেবান কমান্ডারদের সঙ্গে নিয়মিত আলোচনাও করছে; এমন প্রমাণও পাওয়া গেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্র এবং ইলেকট্রনিক পর্যবেক্ষণের মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবানদের পতনের পর বর্তমান সময়ে আফগানিস্তানে সহিংসতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, শুধু গত বছরই সেখানে সহিংসতায় নিহত হয়েছে ৫ হাজার মানুষ। এদের মধ্যে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএইচবি/২৩১০ ঘ.