২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে সংঘর্ষের পর ভারতে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে

ভারতীয় কাশ্মিরে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর ৫ দিনের সংঘর্ষের পর আগামী নির্বাচনের আগে ওই অঞ্চলে আরও হামলার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কর্তৃপক্ষ। সেনা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নয়াদিল্লি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় কাশ্মিরে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর ৫ দিনের সংঘর্ষের পর আগামী নির্বাচনের আগে ওই অঞ্চলে আরও হামলার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কর্তৃপক্ষ। সেনা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন। ভারত ও পাকিস্তানি কাশ্মিরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি শামসবারি জঙ্গলে গত শুক্রবার সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত কয়দিনে সেনাদের গুলিতে সেখানে ১৭ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে সেনাবাহিনীর আট সদস্যও নিহত হয়েছে। সেন কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে জঙ্গিরা ভারতীয় কাশ্মিরে ঢুকেছে। জঙ্গিদের সংখ্যা, তাদের প্রশিক্ষণ এবং অস্ত্রসজ্জার ধরণ দেখে সেনা কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। চলতি বছরের শুরুর দিকেও জঙ্গিরা এ ধরণের হামলা চালিয়েছিল। যখন অনেক পার্বত্য পথ তুষারে ঢাকা ছিল। এতে কর্তৃপক্ষ আরও বিষ্মিত হয়েছিল। নয়াদিল্লির নিরাপত্তা বিশ্লেষক উদয় ভাস্কর বলেন, "জঙ্গিদের দিক দিয়ে এটা ভয়াবহ উন্নতি।" ভারতীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, সংঘর্ষে নিহত জঙ্গিদের মধ্যে একজনও ভারতীয় নাগরিক নেই। সংঘর্ষের পর সেনাবাহিনী জঙ্গিদের ব্যবহার করা একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), ২৩টি রাইফেল, গ্রেনেড লঞ্চার, ১০টি রেডিও সেট এবং আরও অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যেবার মুখপাত্র আবদুল্লাহ গজনবী টেলিফোনে রয়টার্সকে বলেন, "কাশ্মিরের স্বাধীনতার স্বার্থে লস্কর-ই-তৈয়্যেবা তাদের চেষ্টা অব্যাহত রাখবে এবং আগামী দিনগুলোতে ভারতীয় বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হবে।" ভারতীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার গুরমিত সিং বুধবার জানান, জঙ্গিরা প্রশিক্ষিত এবং ভারী অস্ত্রধারী। গজনবী বলেন, "ভারতের বোঝা উচিত কাশ্মিরের মুক্তি সংগ্রাম শেষ হয়ে যায়নি, এখনো তা পুরামাত্রায় সক্রিয়।" কাশ্মিরের এক অংশ ভারত এবং এক অংশ পাকিস্তান শাসন করলেও দুই দেশই পূর্ণাঙ্গ কাশ্মির নিজেদের বলে দাবি করে। কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশির মধ্যে দুই বার যুদ্ধ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪০ঘ.