জাকার্তা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে শুক্রবার একটি বাঁধ ভেঙে বন্যায় কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। ভেসে গেছে আশেপাশের শ' শ' বাড়িঘর। এ সময় বেশির ভাগ মানুষই ঘুমিয়ে ছিল। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
স্থানীয় টেলিভিশন চিত্রে উদ্ধারকারীদেরকে বুক পর্যন্ত গভীর কাদা-পানির মধ্যে থেকে মৃতদেহ টেনে তুলতে দেখা গেছে। আরও মৃতদেহের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রুস্তম পাকায়া বলেছেন, "এ পর্যন্ত ৫২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শত শত বাড়ি ২ মিটার (৭ ফুট) পানির নীচে তলিয়ে গেছে। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ছোটখাটো সুনামির মতো।"
এর আগে জাকার্তা পুলিশের মুখপাত্র ক্রিসনান্দা দিল্যক্ষণা প্রাথমিক খবরে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছিলেন, "সিটু গিনটাং বাঁধ ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ভেসে গেছে ৭ টি বাড়ি।"
জাকার্তার দক্ষিণ-পশ্চিমে টানগেরাং জেলায় সিটু গিনটাং লেকের পানি ধরে রাখতে ওই বাঁধ দেওয়া হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাঁধটি ডাচ ঔপনিবেশিক যুগে ১৯৩০ এর দশকে নির্মিত।
শুক্রবার সকালে ভারী বৃষ্টিপাতের পর বাঁধটি ভেঙে পড়ে। দীর্ঘদিনের পুরোনো বাঁধটি মেরামতির অভাব এবং প্রচণ্ড বৃষ্টির কারণে ভেঙে গেছে বলে মনে করছেন কর্মকর্তারা।
বানতেন প্রদেশের গভর্নর রাতু অটুট কোসিয়াহ বলেন, "বাঁধটি বহু বছরের পুরোনো এবং ১৬ মিটার গভীর। গত রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় পানির তোড়ে এটি ভেঙে পড়েছে।"
স্থানীয় এলাকার এক অধিবাসী লুকমান ফরিদ রয়টার্স টেলিভিশনকে বলেন, "আমি দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম। আমার প্রতিবেশীকে গাড়ি চালানোর চেষ্টা করতে দেখলাম। কিন্তু খরস্রোতা, উত্তাল পানি সেকেন্ডের মধ্যেই প্রায় ২ দশমিক ৫ মিটার বেড়ে গেল।"
প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো ঘটনাস্থল পরিদর্শনের জন্য পশ্চিম জাভায় নির্বাচনী প্রচারাভিযান সংক্ষিপ্ত করেছেন। বামবাংয়ের আগেই ঘটনাস্থলে যান ভাইস প্রেসিডেন্ট জুসুফ কালা। তিনি অবিলম্বে বাঁধ মেরমত এবং বাড়িঘর পুননির্মাণের প্রতিশ্রতি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24