২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩৭ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার জুম্মার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন ওই ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

লান্ডি কোটাল, পাকিস্তান, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার জুম্মার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন ওই ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলায় উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার অঞ্চলের জমরুদ শহরের একটি দোতলা মসিজদ গুঁড়িয়ে যায়। মসজিদের ইমাম নামাজ শুরু করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণটি ঘটায় হামলাকারী। হামলায় আহত তৌসির খান (৭০) হাসপাতাল থেকে বলেন, "ইমাম আল্লাহু আকবর বলে নামাজ শুরুর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণটি ঘটে।" প্রথমে খাইবার প্রশাসনের মুখপাত্র রাহাত গুল হামলায় ৫০ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে বলে জানালেও পরে স্থানীয় শীর্ষ কর্মকর্তা তারিক হায়াৎ খান জানান, হামলায় ৩৭ জন নিহত হয়েছে। তারিক হায়াৎ জানান, নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছে এবং হামলায় আরও ১৬০ জন আহত হয়েছে। হামলার সময় মসজিদে আড়াইশ' থেকে তিনশ' মুসল্লি ছিল বলেও তিনি জানান। পুলিশ শুরুতে বলেছিল, জমরুদ শহরের কাছে মসজিদের পাশে পুলিশের একটি চৌকিতে বোমা হামলা হয়েছে। স্থানীয় অধিবাসীরা বলেছেন, এর আগে জঙ্গিরা মসজিদের পাশের পুলিশ চৌকিটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। হায়াৎ পাকিস্তানের জিও টিভিকে বলেন, "এটা খুব অদ্ভুত ব্যাপার, কেউ জিহাদ করার দাবি করে জুম্মার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২৪ ঘ.