২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীকে বাঁচাতে বাতি নিভিয়ে রাখুন ১ ঘণ্টা

প্রশান্ত মহাসাগরের দূরবর্তী ছোট ছোট দ্বীপগুলোতে শনিবার সন্ধ্যায় এক ঘণ্টা বাতি নিভিয়ে রেখে শুরু হচ্ছে 'আর্থ আওয়ার ২০০৯'। এদিন একইভাবে একঘণ্টা আলো নেভানো থাকবে ভ্যাটিকানের সেইন্ট পিটার্সবার্গের আলোঝলমল গম্বুজ, প্যারিসের আইফেল টাওয়ার, মিসরের বিখ্যাত পিরামিড আর নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়েরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সিডনি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রশান্ত মহাসাগরের দূরবর্তী ছোট ছোট দ্বীপগুলোতে শনিবার সন্ধ্যায় এক ঘণ্টা বাতি নিভিয়ে রেখে শুরু হচ্ছে 'আর্থ আওয়ার ২০০৯'। এদিন একইভাবে একঘণ্টা আলো নেভানো থাকবে ভ্যাটিকানের সেইন্ট পিটার্সবার্গের আলোঝলমল গম্বুজ, প্যারিসের আইফেল টাওয়ার, মিসরের বিখ্যাত পিরামিড আর নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়েরও। বিশ্বব্যাপী মারাত্মক জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে পাদপ্রদীপে নিয়ে আসার লক্ষ্যে 'আর্থ আওয়ারের' এ প্রচারণায় এ বছর যোগ দিচ্ছে ৮০টিরও বেশি দেশ। এদের মধ্যে আছে এশিয়ার অন্যতম প্রধান শিল্প-শক্তি চীন আর বাণিজ্যকেন্দ্র সিঙ্গাপুরও। বিশ্বের বিভিন্ন দেশের লোকজন স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টা বসতবাড়ি ও কর্মস্থলেও বাতি নিভিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা সৃষ্টির কমর্সূচিতে অংশ নেবেন। আর্থ আওয়ারের আয়োজকরা জানিয়েছেন, প্রশান্তের চাথাম দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে একঘণ্টা বাতি নিভিয়ে সমর্থকরা এ প্রচারণা শুরু করবেন। এরপরই এ সারিতে যোগ দেবে নিউজিল্যান্ড ও ফিজি। তারপর পালা অস্ট্রেলিয়ার। দু'বছর আগে এ প্রচার অভিযানে যোগ দেওয়া দেশটির বিখ্যাত সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজে আলো নিভে যাবে স্থানীয় সময় ৮টা ৩০মিনিটে (গ্রিনিচ সময় ০৯৩০)। আয়োজকদের হিসেব অনুযায়ী সারা বিশ্বের মোট ৩,৯৩১টি স্থানের বাসিন্দারা এ কর্মসূচিতে যোগ দিয়ে আর্থ আওয়ার পালন করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে পাদপ্রদীপে তুলে ধরার লক্ষ্যে শনিবার বিশ্বব্যাপী মোট ৮২৯টি বিখ্যাত ভবন ও অন্যান্য স্থাপনায় স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে একঘণ্টা আলো নেভানো থাকবে। আর্থ আওয়ার এর নির্বাহী পরিচালক এন্ডি রাইডলি শনিবার সাংবাদিকদের বলেন, "আমাদের বিশাল পরিবর্তন দরকার...পরিবর্তনের পথে একঘণ্টা কিছুই না।" তিনি বলেন, "মানুষ বিষয়টি নিয়ে চিন্তা করবে এটাই এ আয়োজনের প্রাথমিক উদ্দেশ্য, হোক তা এক ঘণ্টার জন্য, মানুষ যাতে এ সময়টুকুতে তার কার্বন নির্গমণ কমানোর ক্ষমতার বিষয়টি অনুধাবন করে এবং বিষয়টি নিয়ে ওই এক ঘণ্টার পরও সে ভাবে।" পরিবেশবাদী গ্র"প ডব্লিউডব্লিউএফ এর উদ্যোগে ২০০৭ সালে অস্ট্রেলিয়া প্রথম আর্থ আওয়ার পালন করে। পরবর্তী বছরে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ কোটি মানুষ তাতে অংশ নেয়। আয়োজকরা আশা করছেন এবছর প্রায় একশ কোটি মানুষ এ আয়োজনে সম্পৃক্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৫ ঘ.