২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ইফতিখার চৌধুরী স্বপদে পুনর্বহাল

পাকিস্তান সরকারের ঘোষণার এক সপ্তাহের মধ্যে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। রোববার ইফতিখার কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার থেকে তিনি সুপ্রিম কোর্টে বসবেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ইসলামাবাদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সরকারের ঘোষণার এক সপ্তাহের মধ্যে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। রোববার ইফতিখার কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার থেকে তিনি সুপ্রিম কোর্টে বসবেন। (আরও তথ্যসহ) ২০০৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ আরও ৬০ আইনজীবীকে বরখাস্ত করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। এরপর নির্বাচনে প্রয়াত বেনজির ভুট্টোর দল পিপিপি জয়লাভ করলেও বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহাল করেনি সরকার। আইনজীবী এবং বিরোধীদের চরম আন্দোলনের মুখে গত সোমবার ইফতিখারকে পুনর্বহালের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। রোববার ইসলামাবাদে ইফতিখারের বাসভবনের সামনে জড়ো হন কয়েকশ' আইনজীবী, রাজনৈতিক ও মানবাধিকার কর্মী। সেখানে তারা ব্যান্ড বাজিয়ে, বেলুন উড়িয়ে উৎসব করেন। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী রাজা জুলকারনাইন রয়টার্সকে বলেন, "পাকিস্তানের বিচারবিভাগ ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে আজ একটি দারুন দিন।" ইফতিখার ২০০০ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০০৫ এর জুনে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধান বিচারপতির আসনে বসেন। এখন তার বয়স ৬০। প্রধান বিচারপতি হওয়ার পর তিনি পাকিস্তানীদের কাছে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে প্রতিরোধ করার প্রতীকী শক্তিতে পরিণত হন। মুশাররফ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানেরা তাকে পদত্যাগ করার জন্য প্রবল চাপ সৃষ্টি করেছিল। কিন্তু তিনি তাদের মোকাবেলায় অটল থাকেন। পদত্যাগে বাধ্য করতে না পেরে মুশাররফ ২০০৭ সালের ৯ মার্চ ইফতিখারকে বরখাস্ত করেন। তার বিরুদ্ধে পদের অপব্যবহার ও অসাদাচারণের অভিযোগ আনা হয়। বেনাজির ভুট্টোর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে ২০০৮ এর ফেব্র"য়ারির জাতীয় নির্বাচনে তার প্রতি জনগণের সহানুভুতির ওপর ভর করে ক্ষমতায় আসে পিপিপি। বেনজিরের মৃত্যুর পর পিপিপির নেতৃত্ব নেন তার স্বামী জারদারি এবং তিনি ইফতিখারসহ বরখাস্ত হওয়া সব বিচারপতিকে পুনর্বহালের অঙ্গীকার করেন। পিপিপি ক্ষমতায় যাওয়ার পর প্রেসিডেন্ট হয়ে জারদারি বরখাস্ত হওয়া অন্য অনেক বিচারককে পুনর্বহাল করলেও ইফতিখারের ব্যাপারে বেঁকে বসেন। তার ভয় ছিল, ইফতিখারকে প্রধানবিচারপতির পদ ফিরিয়ে দেওয়া হলে হলে তিনি মুশাররফকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে রায় দেবেন। আর এতে তাকে ও তার স্ত্রী বেনজিরকে মুশাররফের সাধারণ ক্ষমা ঘোষণাও বাতিল হয়ে যাবে। ইফতিখারকে পুনর্বহালের দাবিতে আইনজীবীদের সারা দেশ থেকে রাজধানী অভিমুখে লং মার্চ শুরু করলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। আইনজীবীদের আন্দোলনে সমর্থন দিয়ে এতে সক্রিয়ভাবে অংশ নেয় নওয়াজ শরীফের দল। লং মার্চের চূড়ান্ত মুহূর্তে গত সোমবার সরকার আকস্মিকভাবে ইফতিখারসহ অন্যান্য বিচারকদের পুনর্বহালের দাবি মেনে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.