শ্রীনগর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কাশ্মিরে ভারতীয় বাহিনী ও জঙ্গিদের মধ্যে তিনদিনের বন্দুকযুদ্ধে অন্ততপক্ষে ১০ সেনা নিহত হয়েছে। কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গুলিবিনিময়ের একদিন পর সেনাবাহিনী একথা জানাল।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, সেনারা শুক্রবার পাকিস্তান সীমান্ত সংলগ্ন শামসবারি বনে জঙ্গিদের একটি আস্তানা ঘিরে ফেলার পর প্রচণ্ড গোলাগুলির মুখে পড়ে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জে এস ব্রার বলেন, " লড়াই এখনও চলছে।" তিনি বলেন, এ পর্যন্ত নিহত হয়েছে ৪ সেনা ও কর্মকর্তাসহ ৬ বিচ্ছিন্নতাবাদী।
ব্রার জানান, শনিবার ভারত ও পাকিস্তান সীমান্তে গুলিবিনিময় করার পর বন্দুকযুদ্ধ বেড়েছে।
অনেকদিন পর কাশ্মির সীমান্তে শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হয়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, ভারতীয় বাহিনী কোনরকম 'উসকানি' ছাড়াই কয়েক ঘণ্টা ধরে গুলি ছুড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, "শুক্রবার রাত ১০টার দিকে ভারতের দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। কয়েক ঘণ্টা পর্যন্ত থেমে থেমে তা চলতে থাকে।"
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারতের কাছে এ ঘটনার 'তীব্র প্রতিবাদ' জানানো হয়েছে।
ভারত এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পরে তিনবার যুদ্ধে লিপ্ত হয় দুই দেশ। ২০০২ সালে দুদেশের মধ্যে চতুর্থ দফা যুদ্ধ বাধার উপক্রম হয়েছিল। ২০০৩ সালে তারা কাশ্মিরে যুদ্ধবিরতিতে একমত হলে পরের বছর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকে। এরপর কাশ্মির বিভক্তকারী রেখা বরাবর দু'পক্ষের মধ্যে গুলিবিনিময় তেমন একটা ঘটেনি।
তবে গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী প্রায় ১৭০ জন নিহত হওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। ভারত অভিযোগ করেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে এবং এর পেছনে পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের মদদ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24