ওয়াশিংটন, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে 'পানিতে চুবিয়ে' জিজ্ঞাসাবাদের মতো কৌশল প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
সোমবার তিনি বলেছেন এটা একপ্রকার নির্যাতন এবং ওবামার প্রশাসন কখনোই তা বরদাশত করতে পারে না।
বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও নাগরিক অধিকার গ্র"পগুলোসহ যুক্তরাষ্ট্রের মিত্রদের দ্বারা নিন্দিত সাবেক প্রেসিডেন্ট বুশের সন্ত্রাসবিরোধী নীতির সঙ্গে ওবামা প্রশাসনের পার্থক্যের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এটর্নি জেনারেলের এই বক্তব্যে।
ওয়াশিংটনে 'জুইশ কাউন্সিল অফ পাবলিক অ্যাফেয়ার্স' এর অনুষ্ঠানে হোল্ডার বলেন, "পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ নির্যাতন। আমার বিচার বিভাগ এটা আইনানুগ করবে না, এটাকে বৈধ করার চেষ্টা করবে না এবং এটাকে বরদাশত করবে না।"
একইসঙ্গে বিচার বিভাগ প্রকাশ করেছে যে, কঠোর জিজ্ঞাসাবাদের দৃশ্য ধারণ করা হয়েছিল এমন ৯২টি ভিডিও টেপ নষ্টা করে ফেলেছে সিআইএ। এসব টেপের মধ্যে ২০০২ সালে দুই বন্দিকে জিজ্ঞসাবাদের দৃশ্য ছিল এবং সিআইএ পরে স্বীকার করেছিল যে ওই দুইজনকে 'পানিতে চুবিয়ে' জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
এটর্নি জেনারেল বলেন, "বিচারের প্রশ্নে অন্য জাতিগুলোকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান করতে পারি না যদি না আমাদেরকে সেই ন্যায়বিচারের আদর্শে অবস্থানকারী হিসেবে বিবেচনা না করা হয়।"
সিআইএ'র ভাষ্য অনুসারে ২০০৩ সালে এর প্রয়োগ বন্ধ করে দেওয়ার আগে তিনজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীর ওপর পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদের কৌশল প্রয়োগ করেছিল তারা।
বুশ প্রশাসন এই পদ্ধতিকে নির্যাতন বলে স্বীকার করতে কিংবা ভবিষ্যতে এই পদ্ধতি প্রয়োগে অস্বীকৃতি জানাতে রাজি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩০ ঘ.
bdnews24