ওয়াশিংটন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার রোববার বলেছেন, আফগান যুদ্ধে কখনোই জয়লাভ করা সম্ভব নয় এবং সুনির্দিষ্ট প্রত্যাহার পরিকল্পনা ছাড়া কানাডা সেখানে আর সেনা পাঠাবে না।
টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্পার বলেন, "শুধুমাত্র সেখানে থেকে আমরা ওই যুদ্ধ জয় করতে পারবো না। খোলা কথায় বললে, আমার নিজের মত হচ্ছে আমরা কখনোই ওই সহিংসতাকে পরাস্ত করতে পারবো না।"
তিনি বলেন, আফগানিস্তানের একেবারে নিজস্ব একটা সরকার দরকার যাদেরকে বিদেশীদের দ্বারা বসানো বলে মনে হবে না।
সিএনএন এর 'ফরিদ জাকারিয় জিপিএস' অনুষ্ঠানে হার্পার বলেন, "আমাদেরকে অবশ্যই এমন একটি আফগান সরকার পেতে হবে যারা ওই সহিংসতা মোকাবেলায় এবং নিজেদের শাসন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম।"
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাদের অভিযানে ২০০১ সালে আফগানিস্তানের তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর সেখানে একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠা হলেও তালেবানরা এখন পর্যন্ত সহিংসতা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের কান্দাহারে ন্যাটো বাহিনীর অধীনে কানাডার প্রায় ২,৭০০ সেনা মোতায়েন রয়েছে। ২০১১ সালে কানাডার সেনাঅবস্থানের মেয়াদ শেষ হবে। এই অভিযানে এখন পর্যন্ত শতাধিক কানাডীয় সেনা নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.
bdnews24