ইসলামাবাদ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তান সরকার বিরোধী দলীয় নেতা নওয়াজ শরীফ ও তার ভাইয়ের নির্বাচন করার ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার রায় স্থগিতের আবেদন জানিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি আদালতের ওই রায়ের জের ধরে পাকিস্তানে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়ে উঠেছিল।
পাকিস্তানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আগা তারিক মেহমুদ জানিয়েছেন, সরকার সুপ্রিম কোর্টের প্রতি ২৫ ফেব্রুয়ারির রায় স্থগিত রাখার আবেদন জানিয়েছে।
তিনি বলেন "প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়ের কার্যকারিতাও স্থগিত রাখার আবেদন জানিয়েছি।"
সুপ্রিম কোর্ট গত মাসে নওয়াজের ভাই শাহবাজ শরীফের একটি উপনির্বাচনে বিজয় বাতিল এবং পাঞ্জাব প্রদেশে তার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকারও রদ করে দেয়। এরপর পাঞ্জাবে শরীফ ভাতৃদ্বয়ের দলকে ক্ষমতাচ্যুত করে সেখানে দু'মাসের জন্য কেন্দ্রীয় শাসন জারি করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফ অভিযোগ করেন, ওই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে প্রেসিডেন্ট জারাদারির হাত রয়েছে।
প্রচণ্ড ক্ষুব্ধ নওয়াজ শরীফ ওই রায়ের পর পারভেজ মুশাররফের সময় বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পুনর্বহালের দাবিতে আইনজীবীদের আন্দোলনে জোরালোভাবে যোগ দেন। এতে রাজধানী অভিমুখে বিরোধীদের লং মার্চ ও বিক্ষোভে পাকিস্তান উত্তাল হয়ে ওঠলে জারদারি ইফতিখারকে পুনর্বহালের দাবি মেনে নিতে বাধ্য হন।
এরপর সরকার সুপ্রিম কোর্টের প্রতি এ আবেদন জানাল। আদালতের রায় স্থগিত হলে পাঞ্জাবে গভর্নরের শাসন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে শাহবাজ শরীফ মুখ্যমন্ত্রীর পদ ফেরত পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৮ ঘ.
bdnews24