২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে উন্নয়ন ও সামরিক সহযোগিতা বাড়াতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন পাকিস্তানে উন্নয়ন সাহায্য তিনগুণ বাড়াতে পারে। এছাড়া আফগানিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি সহযোগিতা পাওয়ার লক্ষ্যে পাকিস্তানকে সামরিক সাহায্যও বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 06:17 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ওয়াশিংটন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন পাকিস্তানে উন্নয়ন সাহায্য তিনগুণ বাড়াতে পারে। এছাড়া আফগানিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি সহযোগিতা পাওয়ার লক্ষ্যে পাকিস্তানকে সামরিক সাহায্যও বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, পাকিস্তানকে বর্তমানে বছরে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের উন্নয়ন সহযোগিতা দেওয়া হয়। এটা তিনগুণ বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা এখনো আফগানিস্তান বিষয়ক নতুন কৌশল ঘোষণা না করায় এ বিষয়ে কথা বলার ক্ষেত্রে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। যুক্তরাষ্ট্র বর্তমানে পাকিস্তানকে বছরে ৩০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য দেয়। এই সাহায্যের পরিমাণও বাড়ানো হতে পারে, যদিও তা খুবই অল্প পরিমাণে এবং এর সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হবে বলে তিনি জানান। তবে উন্নয়ন সাহায্যের সঙ্গে কোনো শর্ত থাকবে না। আফগানিস্তানকে স্থিতিশীল করার লক্ষ্যে সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও পাকিস্তানের কাছ থেকে আরও বেশি সহযোগিতা পাওয়ার আশায় তাদের সাহায্য বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে থাকে আফগানিস্তানের তালেবান এবং আল কায়েদা বিদ্রোহীরা পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবানদের পতনের পর বর্তমান সময়ে আফগানিস্তানে সহিংসতা সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, শুধু গত বছরই সেখানে সহিংসতায় নিহত হয়েছে ৫ হাজার মানুষ। এদের মধ্যে দুই হাজারের বেশি বেসামরিক লোক। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান থাকাকালীন পাকিস্তানকে সাহায্য বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তার এ প্রস্তাবে সমর্থন দিয়েছিলেন কমিটির রিপাবলিকান সিনেটর রিচার্ড লুগার। তাদের প্রস্তাবকে সমর্থন করে কমিটির বর্তমান চেয়ারম্যান ডেমোক্র্যাট সিনেটর জন কেরি পাকিস্তানকে বছরে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার করে আগামী পাঁচ বছরে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বেসামরিক সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১২১৮ ঘ.