প্যারিস, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়াসহ আরও আর্থিক সহযোগিতার দাবিতে বৃহস্পতিবার ২য় দফায় দেশজুড়ে বিক্ষোভকারীদের বিক্ষোভে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। বৃহস্পতিবারে বিক্ষোভে যোগ দেয় প্রায় ৩০ লাখ লোক।
প্রেসিডেন্ট সারকোজির অর্থনৈতিক সঙ্কট মোকাবেলার পদক্ষেপে ক্ষুব্ধ জনগণ বৃহস্পতিবার বিক্ষোভে রাস্তায় নামে। অর্থনৈতিক সংস্কার নিয়ে সারকোজির দেওয়া প্রতিশ্র"তিতে ফ্রান্সের জনগণের ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। ফ্রান্সের তিন-চতুর্থাংশ মানুষ এই বিক্ষোভে সমর্থন দিচ্ছে।
প্যারিসে প্রধান বিক্ষোভ সমাবেশ শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েকশ' যুবক। আর্থিক সংকটের কারণে ফ্রান্সে বেকারের সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে গেছে এবং জীবনযাত্রার উচ্চব্যায় নির্বাহ করতে অনেককে হিমশিম খেতে হচ্ছে।
প্যারিসের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার বিক্ষোভকারীরা সারকোজির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান সম্বলিত পোস্টার-প্লাকার্ড বহন করে। এ সময় তারা সারকোজির পদত্যাগ দাবি করে শ্লোগান দেয়।
তবে প্রধানমন্ত্রী ফ্রাসোয়া ফিলো জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের জন্য আরও রাষ্ট্রীয় সহযোগিতা বা উদ্ধারমূলক পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
ফ্রান্সে শ্রমিক ছাঁটাইয়ের ফলে পরিবহণ ও জ্বালানি সেক্টর এবং কিছু কিছু সরকারি অফিসে কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও কোনো প্রতিষ্ঠান বন্ধের ঘটনা ঘটেনি।
ফোর্স উভরিয়ার ইউনিয়নের প্রধান জ্যঁ-ক্লদ মেইলি বলেন, "সামাজিক অবিচারের কারণে বিক্ষোভকারীদের মধ্যে বড় ধরনের অসন্তোষ আছে এবং আমি মনে করি সরকার বা নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের এই অনুভূতি বুঝতেই পারছে না।"
আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত ব্যাংক এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উদ্ধারে বিলিয়ন বিলিয়ন ইউরো ব্যয় করে সারকোজি সরকারকে এখন বাজেট ঘাটতি মোকাবেলায় লড়তে হচ্ছে। কাজেই শ্রমিকদের উচ্চ পারিশ্রমিক বা চাকরির নিরাপত্তা দিতে ইউনিয়নগুলোর দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে সরকার।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের কর্মবিরতি থেকে শুরু করে উত্তর ফ্রান্সের একটি টায়ার কারখানার শ্রমিকদের বিক্ষোভের মতো একের পর এক এই বিক্ষোভ থেকে বোঝাই যাচ্ছে পরিস্থিতির দ্রুত অবনতি হচেছ। টায়ার কারখানায় গত সপ্তাহে বিক্ষোভের সময় ম্যানেজারকে ডিম ছুড়ে মেরেছে শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৬৪০ ঘ.
bdnews24