ইসলামাবাদ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।
গত সপ্তাহে পাকিস্তান জুড়ে দানাবেঁধে ওঠা বিক্ষোভ থামাতে নওয়াজ ও শাহবাজের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর প্রস্তাব দেয় সরকার। এছাড়া, বিক্ষোভকারীদের প্রধান দাবি বরখাস্ত হওয়া সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পুনর্বহাল এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবিও মেনে নেয় সরকার।
অ্যাটর্নি জেনারেল লতিফ খোসা রয়টার্সকে বলেন, "সাংবিধানিক এবং আইনের শাসনের স্বার্থে রায়টি পুনরায় পর্যালোচনা করে দেখতে আমরা আদালতকে অনুরোধ করেছি।"
তিনি জানান, শুক্রবার থেকে আদালত পর্যালোচনার কাজ শুরু করবে বলে সরকার আশা করছে।
দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ঘনিয়ে ওঠা অবিশ্বাস ভাঙতে এটি একটি বড় পদক্ষেপ।
নওয়াজ শরীফ প্রধান বিরোধীদল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান এবং তার ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের সবচেয়ে বড় ও জনবহুল পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। আদালতের রায়ে শাহবাজকে মুখমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয় এবং পাঞ্জাবে কেন্দ্রীয় শাসন জারি করে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকার।
নওয়াজ ও শাহবাজের অভিযোগ, গত ২৫ ফেব্র"য়ারি আদালতের ওই রায়ের পেছনে জারদারির হাত আছে। পুরানো যে দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরপর বিভিন্ন দাবিতে আইনজীবীদের ডাকা বিক্ষোভে প্রকাশ্যে যোগ দেয় নওয়াজের দল।
তবে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সরকারের কোনো যোগসাজস থাকার বিষয়টি অস্বীকার করেছেন জারদারির মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০২২ ঘ.
bdnews24