২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিআই-এম'র ইশতেহারে আর্থিক খাত নিয়ন্ত্রণের অঙ্গীকার

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সসিস্ট) সোমবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে সিপিআই-এম অর্থনৈতিক মন্থরতা কাটিয়ে উঠতে আর্থিক খাতের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপের কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

নয়াদিল্লি, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সসিস্ট) সোমবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে সিপিআই-এম অর্থনৈতিক মন্থরতা কাটিয়ে উঠতে আর্থিক খাতের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপের কথা বলেছে। ভারতের সবচেয়ে প্রভাবশালী কট্ট্রর বামপন্থী দলটি বর্তমান কংগ্রেস পার্টি নেতৃত্বাধীন সরকারের প্রায় পুরোটা সময় ক্ষমতার ভারসাম্য রক্ষা করে গেছে। গত বছর তারা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তার আগ পর্যন্ত ক্ষমতাসীন জোট সরকারের নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি। এপ্রিল-মে মাসের সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ইশতেহারে সিপিআই-এম রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠানের বেসরকারিকরণ বন্ধ, খুচরা খাতে বিদেশি বিনিয়োগের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ এবং ভারতের বেশকিছু অভ্যন্তরীণ বাজারে বিদেশি চলচ্চিত্রের প্রবেশ ঠেকাতে একটি নীতিমালা প্রণয়নেরও প্রস্তাব দিয়েছে। ভারতে আগামী ১৬ এপ্রিল থেকে ১৩ মের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী জোটের মধ্যে। সিপিআই-এম ভারতে গণতন্ত্রকে শক্তিশালী করতে, সমতামূলক অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে কংগ্রেস ও বিজেপির বাইরে একটি সরকার গঠনের জন্য কাজ করে যাবে বলে ইশতেহারে বলা হয়েছে। দলটি আগেই জানিয়েছে, তারা সমমনা ছোট ছোট দল নিয়ে একটি বিকল্প 'থার্ড ফ্রন্ট' গঠন করতে চায়। বেশ কয়েক বছর ভারতে অর্থনৈতিক সংস্কারে বাধা সৃষ্টির পর সিপিআই-এম এবং ছোট কয়েকটি বামপন্থী দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি বেমাসরিক পারমাণবিক চুক্তির বিরোধিতা করে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ওই চুক্তির ফলে ভারত পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তির আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার পায়। সিপিআই-এম বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ভারতের জন্য "বেশ ক্ষতিকর" কিছু শর্ত রয়েছে। এর ফলে নিজের নিরাপত্তা বিধানে ভারতের সামর্থ্য যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরদিকে দেশ ওয়াশিংটনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সিপিআই-এম ওই ওইসব শর্ত বা বিধান দূর করতে চুক্তিটি পর্যালোচনা করতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১০ ঘ.