ওয়াশিংটন, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের তৈরী অত্যাধুনিক এফ-১৬ জঙ্গি বিমান কিনতে নব উদ্যমে কাজ শুরু করেছে তাইওয়ান। এতে দ্বীপটির কাছে জঙ্গি বিমান বিক্রির কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপে পড়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন প্রশাসন।
ওয়াশিংটনে কার্যত দূতাবাস হিসেবে কাজ করা তাইওয়ানের 'ইকোনমিক এন্ড কালচারাল রিপ্রেজেনটেটিভ অফিস' ওবামা ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো অস্ত্র কেনার তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বহি:শত্র"র হাত থেকে নিজেদের সুরক্ষায় তাদের অস্ত্রভাণ্ডার সেকেলে হয়ে গেছে।
তাইওয়ানের বিমান বাহিনীর বৃহত্তম শক্তি এফ-৫ জঙ্গি বিমানগুলো গত ৩৪ বছর ধরে বিমান বহরে রয়েছে বলে জানান তাইওয়ানের এক মুখপাত্র।
তাইওয়ানের 'ইকোনমিক এন্ড কালচারাল রিপ্রেজেনটেটিভ অফিস' এর মুখপাত্র ভান্স চ্যাং বলেন, "বিমানগুলো এখন অকার্যকর হয়ে পড়ছে এবং এর যন্ত্রাংশ পাওয়ায় দুস্কর।"
তিনি বলেন, "এর ফলে আকাশ নিরাপত্তায় আমাদের সক্ষমতার বিষয়টি খুবই অসুবিধাজনক অবস্থায় রয়েছে।"
তিনি আরও বলেন, "নিজকে রক্ষায় তাইওয়ানের দৃঢ়প্রতিজ্ঞা বিতর্কের উর্ধ্বে।"
গত ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের লকহিড মার্টিন কর্পোরেশনের 'এফ-১৬ সি/ডি' মডেলের জঙ্গি বিমান কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাইওয়ান।
এফ-১৬/সিডি মডেলের মোট ৬৬টি জঙ্গি বিমান কিনতে চায় তাইওয়ান। এর মোট মূল্য ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার।
১৯৭৯ সালের এক আইন বলে যুক্তরাষ্ট্র সরকার স্ব-শাসিত তাইওয়ানের প্রতিরক্ষায় দ্বীপটিকে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারে।
কিন্তু, যুক্তরাষ্ট্রে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের পূর্ববর্তী সরকারগুলো কেউই চীনের সঙ্গে নিজেদের সম্পর্কের বিবেচনায় তাইওয়ানের কাছে অত্যাধুনিক ওই বিমান বিক্রি করেনি। চীন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বাণিজ্য অংশীদার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের শীর্ষ বিদেশি মালিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24