পেশাওয়ার, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী কুররাম আদিবাসী অঞ্চলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ তালেবান নিহত হয়েছে। তালেবান সূত্র এবং কর্মকর্তারা এতথ্য জানিয়েছে।
সীমান্তবর্তী কুররাম অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি ড্রোন বিমান থেকে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তালেবানদের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা টেলিফোনে রয়টার্সকে বলেন, "ধ্বংসস্তুপের মধ্য থেকে আমরা ২৪টি মৃতদেহ উদ্ধার করেছি এবং উদ্ধারকাজ এখনও চলছে।" তালেবানদের ওই প্রশিক্ষণ কেন্দ্রটি সাতরুম বিশিষ্ট বলেও জানান তিনি। নিহতরা আফগান ও পাকিস্তানি।
তালেবান সূত্র এবং নিরাপত্তা কর্মকর্তারা আরও জনিয়েছেন নিহতদের মধ্যে কোনো উর্ধ্বতন তালেবান নেতা কিংবা 'বিশেষ গুরুত্বপূর্ণ' কেউ ছিলেন না।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাবাহিনী। ২০০৮ সালের প্রথম দিক থেকে শুরু করে ওই অঞ্চলে এ পর্যন্ত কমপক্ষে ৩০ দফায় চালকবিহীন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৫৪ ঘ.
bdnews24