টরেন্টো, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার উপকূলে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ জন নিখোঁজ হয়েছে।
আটলান্টিক মহাসাগরের একটি তেল উত্তোলন প্ল্যাটফর্মের কর্মীদের বহন করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে উদ্ধারকর্মীদের এক মুখপাত্র জানিয়েছেন ।
উদ্ধার সংস্থার মুখপাত্র জেরি গ্রেচোসকি জানান এবং নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশের রাজধানী সেন্ট জনস থেকে ৪৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্রবক্ষে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তিনি বলেন, "হেলিকপ্টারটিতে সব মিলিয়ে ১৮জন আরোহী ছিল। এদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।"
"পানিতে একটি লাইফবোট আছে, কিন্তু এর মধ্যে এখনো কেউ আছে কি-না তা আমরা এ মুহূর্তে ঠিক নিশ্চিত নই।"
সেন্ট জোনস এবং হাইবারনিয়া তেলক্ষেত্রের প্ল্যাটফর্মের মধ্যে কর্মীদের নিয়মিত হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া-আসা হয় বলে তিনি জানান।
সিবিএস টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, একটি উদ্ধারকারী হেলিকপ্টার সেন্ট জোনসে অবতরণ করার পর স্ট্রেচারে করে একজনকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।
গ্রেচোসকি জানান, তিনটি হেলিকপ্টার এবং দুটি জাহাজ এখনো সাগরে তল্লাশি চালাচ্ছে।
সাগরের পানির তাপমাত্রা শুন্য ডিগ্রির সামান্য ওপরে এবং সেখানে প্রায় তিন ফুট উচ্চতার ঢেউ আছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩৫৫ ঘ.
bdnews24