২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের দারফুরে ৫ ত্রাণকর্মী অপহৃত

সুদানের দারফুর প্রদেশে মেডেসিনস স্যাঁ ফ্রতিয়ার্স (এমএসএফ) ত্রাণসংস্থার বেলজিয়াম শাখা থেকে তিন পশ্চিমাসহ ৫ ত্রাণকর্মী অপহৃত হয়েছে। জাতিসংঘের (ইউএনএএমআইডি) শান্তিরক্ষীবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

খার্তুম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের দারফুর প্রদেশে মেডেসিনস স্যাঁ ফ্রতিয়ার্স (এমএসএফ) ত্রাণসংস্থার বেলজিয়াম শাখা থেকে তিন পশ্চিমাসহ ৫ ত্রাণকর্মী অপহৃত হয়েছে। জাতিসংঘের (ইউএনএএমআইডি) শান্তিরক্ষীবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে। এ মাসে যুদ্ধপরাধের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে বেড়ে যাওয়া উত্তেজনার মধ্যে এই অপহরণের ঘটনা ঘটল। ইউএনএএমআইডি' র যোগাযোগ পরিচালক কেমাল সাইকি বলেন, "আমরা নিশ্চিত করে বলতে পারি যে, একদল সশস্ত্র ব্যক্তি ওই জায়গায় গিয়ে ৫ জনকে তাদেরকে অনুসরণ করতে বলে। ৫ জনের মধ্যে তিনজন বিদেশি আর ২ জন দেশী ত্রাণকর্মী। তিনি জানান, দেশী একজন ত্রাকর্মীকে মুক্তি দেওয়ার খবর আমরা পেয়েছি। ইউএনএএমআইডি এর আগে জানিয়েছিল, উত্তর দারফুরের ২০০ কিলোমিটার পশ্চিমের প্রাদেশিক রাজধানী এল ফেশারে ৬ জন ত্রাণকর্মীকে অপহরণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতিসংঘ কর্মকর্তা বলেছেন, "বিদেশিরা ইতালি, ফ্রান্স ও কানাডার নাগরিক। এমএসএফ এর ব্রাসেলস কার্যালয় তাদের একজন কর্মী অপহৃত হওয়ার কথা নিশ্চিত করেছে। এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। বিশ্লেষকরা বলছেন, বশিরের বিরুদ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানার পদক্ষেপে দারফুরে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। সেখানে শান্তিরক্ষী বাহিনী এবং বেসামরিক নাগরিকরা ইতোমধ্যেই সংঘর্ষের মুখে রয়েছে। সোমবার বন্দুকধারীদের গুলিতে ৪ শান্তিরক্ষী আহত হয়েছে এবং এ ধরনের বেশ কয়েকটি ঘটনার খবরও পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.