২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুধবার উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতির অভিযোগ করেছে পিয়ংইয়ং এর পররাষ্ট্রমন্ত্রণালয়। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া প্রথম প্রকাশ্যে ওবামা প্রশাসনকে কটাক্ষ করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

সউল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুধবার উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতির অভিযোগ করেছে পিয়ংইয়ং এর পররাষ্ট্রমন্ত্রণালয়। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া প্রথম প্রকাশ্যে ওবামা প্রশাসনকে কটাক্ষ করল। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, "যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া'য় (ডিপিআরকে) আগাম হামলা চালানোর উদ্দেশ্যে পারমাণবিক যুদ্ধেরই মহড়া।" কোরিয়া উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে রাশিয়া ও চীন উদ্বেগ প্রকাশ করার পর উত্তর কোরিয়া ওই মন্তব্য করল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য উদ্ধৃত করে বলা হয়, "যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন দক্ষিণ কোরিয়ার সমরপ্রিয় পুতুল বাহিনীকে সঙ্গে নিয়ে অস্ত্রের শক্তিতে ডিপিআরকের স্বার্বভৌমত্বের ওপর আঘাত হানার জন্য উঠেপড়ে লেগেছে।" নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্রের উদ্ধৃতিতে আরও বলা হয়, স্বার্বভৌমত্ব রক্ষায় ডিপিআরকে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ঘ.