২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পৃথিবীর জাহান্নামে' বাস করছে তিব্বতিরা: দালাই লামা

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে দালাই লামা বলেছেন, তিব্বতিরা বাস করছে "পৃথিবীর এক জাহান্নামে"। নির্বাসিত এই ধর্মীয় নেতা বলেন, পাঁচ দশক ধরে চীনা শাসনে তিব্বতিরা এক "অবর্ণনীয় দুর্দশায়" ভুগছেন। বেজিংয়ের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ করে তিনি তার মাতৃভূমিতে "অর্থপূর্ণ" স্বায়ত্তশাসন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ধর্মশালা, মার্চ ১০ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/বিবিসি)-- তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে দালাই লামা বলেছেন, তিব্বতিরা বাস করছে "পৃথিবীর এক জাহান্নামে"। নির্বাসিত এই ধর্মীয় নেতা বলেন, পাঁচ দশক ধরে চীনা শাসনে তিব্বতিরা এক "অবর্ণনীয় দুর্দশায়" ভুগছেন। বেজিংয়ের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ করে তিনি তার মাতৃভূমিতে "অর্থপূর্ণ" স্বায়ত্তশাসন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিব্বতে একটি ব্যর্থ গণঅভ্যুত্থানের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৭৩ বছর বয়সী এই নেতা উত্তর ভারতের পাহাড়ি শহর ধর্মশালায় সারা বিশ্ব থেকে যোগ দেওয়া প্রায় ১০ হাজার তিব্বতির উদ্দেশে মঙ্গলবার ভাষণ দেন। চীনা কর্তৃপক্ষ এই উপলক্ষ এবং পাশাপাশি গত বছর তিব্বতিদের প্রচণ্ড বিক্ষোভের একবছর পূর্তির এই সময়ে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় তিব্বতে নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে। ধর্মশালার প্রধান মন্দিরের চত্বরে দাঁড়িয়ে দালাই লামা বলেন, "স্মরণকাল থেকে তিব্বতি ও চীনা জনগণ প্রতিবেশি হিসেবে অবস্থান করে আসছে। আমরা তিব্বতিরা একটি বৈধ স্বায়ত্তশাসন প্রত্যাশা করছি তিব্বতে।" শোকবিহবল গলায় দালাই লামা চীনের কমিউনিস্ট নীতি ও প্রচারণার কবলে তিব্বতে 'ধ্বংসযজ্ঞ ও তিব্বতিদের নিগ্রহের' বর্ণনায় বলেন, "তিব্বতিরা এমন এক তীব্র দুর্দশা ও কষ্টের মধ্যে আছে যা আক্ষরিক অর্থে পৃথিবীতে দোজখে থাকার নামান্তর।" শ্রোতারা অখণ্ড মনোযোগে শোনেন তার কথা। অনেকে নমস্কারের ভঙ্গিতে হাত জড়ো করে কাঁদতে থাকেন। দালাই লামা বলে চলেন, "এমনকি আজও তিব্বতিরা তিব্বতে ভীতিকর পরিবেশে বাস করছেন।" দালাই লামার ভাষণের আগে তিব্বতের জাতীয় সঙ্গীত বাজানো হয়; গতবছরে চীনের বিক্ষোভ দমন অভিযানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তার বক্তব্যের পর কয়েক হাজার তিব্বতি হাতে 'তিব্বত মুক্ত কর' লেখা পোস্টার নিয়ে ধর্মশালার সংকীর্ণ রাস্তায় শোভাযাত্রা বের করে। এদের মধ্যে অনেকে ছিল শিশু। তারা তিব্বতে বর্তমানে চীনের কঠোর নিরাপত্তা ও কড়াকড়িরও প্রতিবাদ জানায়। ১২ বছর বয়সী স্কুল ছাত্র রিনজিন চোয়েডন বলে, "দালাই লামা যা বলেছেন সবই সত্যি। আমরা তাকে বিশ্বাস করি। আজ আমাদের জন্য বিশেষ দিন। আমরা বিশ্বকে বলতে চাই তিব্বতের বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু। চীনকে মেনে নিতে হবে তিব্বত একটি মুক্ত দেশ।" বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৬৩৪ ঘ.