খার্তুম, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদানের ইসলামপন্থি বিরোধী দলীয় নেতা হাসান আল-তুরাবিকে সোমবার মুক্তি দিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আত্মসমর্পণের আহ্বান জানানোর কারণে দু'মাস আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
৭৬ বছর বয়সী আল-তুরাবি'র ছেলে রয়টার্সকে জানান, পোর্ট সুদানের একটি কারাগার থেকে সোমবার সকালে তাকে মুক্তি দেওয়া হয় এবং এরপরপরই তিনি রাজধানী খার্তুমে নিজের বাড়িতে চলে আসেন।
তিনি জানান, "কী হচ্ছে সকালে আমরা তার কিছুই জানতাম না, খার্তুমে আমাদের বাড়ির সামনে কোনো পাহারা ছিল না। তাকে মুক্তি দেওয়া হয়েছে...আমরা খুবই আনন্দিত।"
পশ্চিম দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধ সংঘটিত হতে দেওয়ার অপরাধে অভিযুক্ত করে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে আইসিসি'র অভিযোগ গঠনের পর তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো দেশটির একমাত্র রাজনীতিক আল-তুরাবি।
সুদানের অন্য রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ নেতাই এ বিষয়ে নীরব থেকেছেন কিংবা বশিরের পক্ষে দাঁড়িয়েছেন এবং বলেছেন যে, এটা সুদানের বিরুদ্ধে পশ্চিমা ও ইহুদীবাদীদের ষড়যন্ত্র।
১৯৯৯-২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট বশিরের খুবই ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ছিলেন আল-তুরাবি। এরপর ক্ষমতার বিরোধ নিয়ে আলাদা হয়ে যান আল-তুরাবি।
গত সপ্তাহে আইসিসি প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তিনি বরাবরই বলে আসছেন যে, তিনি ওই আদালতের আদেশ মানবেন না। আইসিসি-কে স্বীকৃতি দেয়নি সুদান সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২০ ঘ.
bdnews24