ওয়াশিংটন, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে জয়ী হচ্ছে না এবং সেখানকার পরিস্থিতি ইরাকের চেয়ে আরও জটিল।
'নিউ ইয়র্ক টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, তালেবানদের সঙ্গে আলোচনা একটি উপায় হতে পারে, ঠিক যেমনভাবে ইরাকে তা কার্যকরী হয়েছিল।
তবে, তিনি আরও বলেন, "আদিবাসীদের মধ্যে বিদ্যমান তীব্র স্বাধীনতাবোধ" ভিন্ন ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে জয়ী হচ্ছে কি-না এমন এক প্রশ্নের উত্তরে ওবামা বলেন, "না"।
ক্ষমতায় আসার একমাসের মধ্যেই আফগানিস্তানে আরও ১৭,০০০ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ওবামা।
ওবামা এবং তার উপদেষ্টারা আফগানিস্তান কৌশল পর্যালোচনা করছেন এবং ইরাকে সাফল্য লাভ করা কৌশল ও অভিজ্ঞতা বিবেচনা করে দেখছেন।
এয়ারফোর্স ওয়ানে বসে দেওয়া ওই সাক্ষাৎকারে ওবামা বলেন, "আপনারা যদি জেনারেল পেত্রাউসের সঙ্গে কথা বলেন, আমার মনে হয় তিনি বলবেন, ইরাকে সাফল্যের আংশিক এসেছে লোকজনের সঙ্গে আলোচনার মাধ্যমে। ওই লোকজন যাদেরকে হয়তো আমরা মুসলিম মৌলবাদী বলব। কিন্তু তারা আমাদের সঙ্গে কাজ করতে চাইছিল, কেননা ইরাকে আল-কায়েদার কৌশলের কারণে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।"
পত্রিকাটিকে তিনি বলেন, "আফগানিস্তানে পরিস্থিতি যে করেই হোক আরও জটিল।"
"সেখানকার কিছু অঞ্চলে শাসন আরও শিথিল এবং আদিবাসীদের মধ্যে তীব্র স্বাধীনতাবোধের ইতিহাস রয়েছে।"
তিনি আরও বলেন, "এসব আদিবাসী বহুভাবে বিভক্ত এবং কোনো কোনো ক্ষেত্রে দুই পক্ষেই কাজ করে তারা। তাই এই সব কিছুকে হিসেব নিকেষ করা আরেকটি বড় চ্যালেঞ্জ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24