ইসলামাবাদ, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমান (ড্রোন) শনিবার পাকিস্তানে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার পাকিস্তানের আকাশে বিমানটি নিখোঁজ হয়।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিম এলাকায় জঙ্গিদের খোঁজে মার্কিন ড্রোন বিমান নিয়মিত টহল দিয়ে থাকে। এ বিমান থেকে মাঝে মাঝে জঙ্গিদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, "মার্কিন বাহিনী আমাদের জানিয়েছে. তাদের একটি ড্রোন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গর আদ্দা এলাকায় নিখোঁজ হয়েছে এবং এটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ধ্বংসাবশেষের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি।"
দক্ষিণ ওয়াজিরিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আঙ্গর আদ্দা এলাকায় পাকিস্তান সীমান্তের মধ্যেই একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
পাকিস্তানের এক মুখপাত্র জানিয়েছেন, ড্রোন নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তবে সেনাবাহিনী বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।
রয়টার্সের হিসাবমতে পাকিস্তান সীমান্তের মধ্যে সন্দেহভাজন জঙ্গিদের অবস্থানে গত বছর মার্কিন ড্রোন থেকে ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে অর্ধেক হামলা হয়েছে গত সেপ্টেম্বরের পর থেকে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং এলাকাবাসী জানিয়েছে, এ সব হামলায় জঙ্গি এবং বেসামরিক লোকজন মিলিয়ে প্রায় তিনশ' প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24