২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে মৌরিতানিয়া

৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মৌরিতানিয়া। গাজায় গত ডিসেম্বরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর মৌরিতানিয়া এ নির্দেশ দিল। এক উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

নকচোট, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মৌরিতানিয়া। গাজায় গত ডিসেম্বরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর মৌরিতানিয়া এ নির্দেশ দিল। এক উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছে। ইসরায়েলে সঙ্গে আফ্রিকার যে তিনটি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিল মৌরিতানিয়া তাদের একটি। কিন্তু গত ডিসেম্বরে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্ক বন্ধ হয়ে যায়। মৌরিতানিয়ার এক কর্মকর্তা বলেন, "নকচোটে ইসরায়েলি দূতাবাসের সব কর্মীকে দেশ ত্যাগ করার জন্য কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।" সরকারের এই নির্দেশের পর নকচোটের দূতাবাস কর্মীদের বেরিয়ে যেতে দেখা গেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাসকর্মীদের বহিষ্কারের বিষয়টি মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে তাদের জানায়নি। পরিচয় প্রকাশ না করা শর্তে তিনি বলেন, "নকচোটে আসলে কী হচ্ছে আমরা তা জানি না। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ইচ্ছা যে তাদের ছিল এটি তারা আমাদের জানায়নি।" মৌরিতানিয়ার সামরিক শাসক জেনারেল মোহামাদ ওলুদ আবদেল আজিজের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তের পর দেশটির কূটনীতিকদের বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "দুই দেশের মধ্যে সম্পর্ক স্থগিত করার এ সিদ্ধান্ত যৌক্তিক। এটি নতুন কিছু নয়।" তিনি আরও বলেন, "এটা আগেই আশা করা গিয়েছিল। দোহা শীর্ষ সম্মেলনে জেনারেল আজিজ এ সিদ্ধান্ত নেওয়ার পর মৌরিতানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দূত ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার জন্য চিঠি দিয়েছিলেন। কাতারের দোহায় গত জানুয়ারিতে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন জেনারেল আজিজ। কাতারও সে সময় জানিয়েছেল তারাও দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত করবে। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৫ ঘ.