২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীস্মারক রক্ষায় নিলামে অংশ নেবে ভারত

বিক্রির মঞ্চ থেকে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসগুলো কিনে নিতে শেষপর্যন্ত নিলামে অংশ নেবে ভারত। দেশটির সাংস্কৃতিক মন্ত্রী অম্বিকা সোনি এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

নয়াদিল্লি, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- বিক্রির মঞ্চ থেকে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসগুলো কিনে নিতে শেষপর্যন্ত নিলামে অংশ নেবে ভারত। দেশটির সাংস্কৃতিক মন্ত্রী অম্বিকা সোনি এ তথ্য জানিয়েছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা গান্ধীর চশমা, এক জোড়া চামড়ার চপ্পল, একটি পকেট ঘড়ি, একটি থালা-বাটি বৃহস্পতিবার নিউইয়র্কে নিলামে তুলতে যাচ্ছে 'অ্যান্টিকোরাম অকশনিয়ারর্স' নামে একটি প্রতিষ্ঠান। এ নিয়ে অনেক ভারতীয় ক্ষুব্ধ। জাতীয় ঐতিহ্যের স্মারক দেশে ফিরিয়ে এনে জাদুঘরে রাখার দাবি জানিয়েছেন তারা। অম্বিকা সোনি নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, " মহাত্মা গান্ধীর এসব জিনিস যাতে নিলামের হাতুড়ির কবলে না পড়ে; কিংবা আর কী কী উপায়ে এসব দেশে ফিরিয়ে আনা যায় তার সবই করতে আমাদের সুষ্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।" গান্ধীর ব্যক্তিগত জিনিস যাতে হাতছাড়া হয়ে না যায় তার জন্য কয়েকদিন ধরে অ্যান্টিকোরামের সঙ্গে আলোচনা চালিয়েছে ভারত সরকার। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল প্রভু দেওয়াল বুধবার বলেন, "তারা (অ্যান্টিকোরাম) যদি জিনিসগুলো দান করতে না চায় তবে সেগুলো ভারত সরকারের পক্ষ থেকে আমরা কিনে নেব বলে তাদের জানিয়েছি।" ভারতের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, নিলামের আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েকদিন ধরেই ভারতের কনসাল অফিসের আলোচনা চলছে। তবে ওই জিনিসগুলোর বর্তমান মালিক বা নিলামকারীদের বিরত রাখতে ভারত সরকারের দেরিতে নেওয়া উদ্যোগ বিফলে যাবে এই আশঙ্কায় অনেক অনাবাসী ভারতীয়ও সেগুলো কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে। ইন্ডিয়ান-আমেরিকান হোটেলব্যবসায়ী সন্ত সিং চ্যাটওয়াল বলেন, "যে কোন ভারতীয়রই এগুলো কিনে নিয়ে দেশে ফেরত পাঠানো উচিত। আমরা নিলামের দিকে নজর রাখব।" ভারতের একটি আদালত গত মঙ্গলবার নিলাম অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ দেয়। তবে গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বলেছেন, স্থগিতাদেশ দেওয়ায় সম্ভবত দেরি হয়ে গেল। নিউ ইয়র্কে এই আদেশ মানার বাধ্যবাধকতাও হয়ত নেই। গান্ধীর এসব স্মৃতিবিজড়িত জিনিস তিন লাখ ডলারে বিক্রি হবে বলে উদ্যোক্তরা আশা করছেন। এই নিলামের কথা শুনে ভারতীয়দের অনেকই ব্যথিত। তুষার বলেন, "আমাদের জাতির জনকের স্মৃতি এসব জিনিস। আমাদের অবশ্যই এসব ফেরত আনতে হবে।" তিনি জানান, মহাত্মা গান্ধীকে জেনিথ ঘড়িটি উপহার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর বিক্রি হতে যাওয়া থালা ও বাটিতে তিনি শেষ আহারটি গ্রহণ করেছিলেন। তার মতে "সরকার সহজেই এসব নিদর্শন কিনে নিতে পারে। তবে সাধারণ মানুষের সহায়তায় কেনা হলে তা হবে অনেক বেশি গান্ধীবাদী উদ্যোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০০ ঘ.