তেহরান, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- ইরানের ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় পৌঁছাতে সক্ষম। ইরানের 'রিভলিউশনারি গার্ড' বাহিনীর প্রধান বুধবার একথা বলেছেন। ওদিকে, আরেকজন ইরানি কর্মকর্তা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন।
রিভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফারি বলেছেন, "বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার। ইসরায়েলের পরমাণু স্থাপনাসহ এর সব ভূমি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে।"
ইরান প্রায়ই দাবি করে, ইহুদি রাষ্ট্রটি তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তবে এবারই প্রথম নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুর কথা বলা হল।
তবে ইরানের ক্ষেপণাস্ত্র এতটা দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম কিনা সে প্রশ্ন তুলেছেন প্রতিরক্ষা বিশারদ পল বিভার। লণ্ডনে তিনি বলেন, "ইরান এখনই ওই মাত্রার আধুনিকতায় পৌঁছে গেলে আমি বিস্মিত হব।"
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) ইরানের দূত আসগর সুলতানিয়া বুধবার বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে 'সমান দৃষ্টিভঙ্গি' নিয়ে আলোচনা হলে ফলাফল বেরিয়ে আসতে পারে। ইরানের পরমাণু শক্তি অর্জনের অধিকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৮২০ ঘ.
bdnews24