২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীস্মারক ফেরত আনতে তৎপর হয়েছে ভারত

নিউ ইয়র্কে অনুষ্ঠেয় নিলাম থেকে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসপত্র কিনে দেশে ফেরত আনতে তৎপরতা বেড়েছে ভারত সরকারের। অমূল্য বিবেচিত ওই সব জিনিসের নিলাম বন্ধ করতে নয়াদিল্লির একটি আদালতের রায় কাজে আসবে না ধরে নিয়ে সেগুলো কিনে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

নয়াদিল্লি, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নিউ ইয়র্কে অনুষ্ঠেয় নিলাম থেকে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসপত্র কিনে দেশে ফেরত আনতে তৎপরতা বেড়েছে ভারত সরকারের। অমূল্য বিবেচিত ওই সব জিনিসের নিলাম বন্ধ করতে নয়াদিল্লির একটি আদালতের রায় কাজে আসবে না ধরে নিয়ে সেগুলো কিনে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা গান্ধীর স্মৃতিবিজড়িত চশমা, এক জোড়া চামড়ার চপ্পল, একটি পকেট ঘড়ি, একটি থালা-বাটি বুধবার ও বৃহস্পতিবার নিলামে তুলছে 'অ্যান্টিকোরাম অকশনিয়ারর্স' নামে একটি প্রতিষ্ঠান। ভারত এসব জিনিস দেশে ফিরিয়ে এনে জাদুঘরে রাখতে চায়। জাতীয় ঐতিহ্যের ওইসব জিনিসের নিলাম বন্ধ করতে অ্যান্টিকোরামের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল প্রভু দেওয়াল সিএনএন-আইবিএন নিউজ চ্যানেলকে বলেন, "তারা যদি জিনিসগুলো দান করতে না চায় তবে সেগুলো ভারত সরকারের পক্ষ থেকে আমরা কিনে নেব বলে তাদের জানিয়েছি।" ভারতের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, নিলামের আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েকদিন ধরেই ভারতের কনসাল অফিসের আলোচনা চলছে। তবে ওই জিনিসগুলোর বর্তমান মালিক বা নিলামকারীদের বিরত রাখতে দেরিতে নেওয়া ভারত সরকারের উদ্যোগ বিফলে যাবে এই আশঙ্কায় অনেক অনাবাসি ভারতীয় সেগুলো কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে। ইন্ডিয়ান-আমেরিকান হোটেলব্যবসায়ী সন্ত সিং চ্যাটওয়াল বলেন, "যে কোন ভারতীয়রই এগুলো কিনে নিয়ে দেশে ফেরত পাঠানো উচিত। আমরা নিলামের দিকে নজর রাখব।" ভারতের একটি আদালত গত মঙ্গলবার নিলাম অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ দেয়। তবে গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বলেছেন, স্থগিতাদেশ দেওয়ায় সম্ভবত দেরি হয়ে গেল। নিউ ইয়র্কে এই আদেশ মানার বাধ্যবাধকতাও হয়ত নেই। গান্ধীর এসব স্মৃতিবিজড়িত জিনিস তিন লাখ ডলারে বিক্রি হবে বলে উদ্যোক্তরা আশা করছেন। এই নিলামের কথা শুনে ভারতীয়দের অনেকই ব্যথিত। তুষার বলেন, "আমাদের জাতির জনকের স্মৃতি এসব জিনিস। আমাদের অবশ্যই এসব ফেরত আনতে হবে।" তুষার গান্ধী জানান, মহাত্মা গান্ধীকে জেনিথ ঘড়িটি উপহার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর বিক্রি হতে যাওয়া থালা ও বাটিতে তিনি শেষ আহারটি গ্রহণ করেছিলেন। তিনি বলেন, "সরকার সহজেই এসব নিদর্শন কিনে নিতে পারে। তবে সাধারণ মানুষের সহায়তায় কেনা হলে তা হবে অনেক বেশি গান্ধীবাদী উদ্যোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৮ ঘ.