জেনেভা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - টাটা মোটর্সের তৈরী বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি 'ন্যানো' ২০১১ সালের মধ্যে ইউরোপের বাজারে ছাড়া হবে। এর নাম হবে 'টাটা ইউরোপা'। ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটর্সের চেয়ারম্যান রতন টাটা মঙ্গলবার একথা বলেছেন।
তবে, 'জনগণের গাড়ি' অভিধা দেওয়া ন্যানো'র যে সংস্করণ ইউরোপে বিক্রি হবে তা ভারতে বিক্রির জন্য তৈরী ন্যানো'র চেয়ে আলাদা হবে। কেননা, ইউরোপে ন্যানোকে ভিন্ন ধরনের নিরাপত্তা ও পরিবেশ দূষণ মান পূরণ করতে হবে।
জেনেভায় এক অটো শো'তে রতন টাটা সাংবাদিকদের এসব কথা জানান।
ইউরোপে টাটার গাড়িটির দাম কতো হবে তা এখনই বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি জানান, সেখানে গাড়িটির নাম হবে 'টাটা ইউরোপা'।
তিনি বলেন, "এটা ঠিক একই গাড়ি হবে না, কিন্তু এটা খুবই সুলভ হবে।"
আগামী মাস থেকে ভারতের বাজারে ২,০০০ ডলারেরও কম দামে বিক্রি শুরু হবে টাটা ন্যানো।
আগামী বছরগুলোতে ইউরোপের বাজারে টাটার আরো দুটি মডেল বাজারে ছাড়া হবে। ২০১০ সালে একটা বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে ছাড়বে তারা। এক বছর পরে প্রিমিয়াম সেডান 'প্রিমা' ছাড়া হবে ইউরোপে। জেনেভার অটো শো'তে গাড়িটি প্রদর্শন করা হয়।
ইতালি, স্পেন এবং পোল্যান্ডে টাটার চারটি মডেলের গাড়ি বিক্রি হচ্ছে এখন।
বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/এএমটি/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24