টোকিও, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে গৌতম বুদ্ধের ২১টি মূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি জানিয়েছেন, প্রার্থনার জন্য মন্দির থেকে তিনি মূর্তিগুলো চুরি করেছেন। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ খবর জানিয়েছে।
জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোর একটি মন্দির থেকে বুদ্ধের একটি কাঠের মূর্তি চুরির সন্দেহে ৫৯ বছর বয়স্ক ইতসু আবেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় আরও ২১টি বুদ্ধ মূর্তি।
গ্রেপ্তারের পরপর আবে পুলিশকে বলেন, "আমি পছন্দ করি বলেই মূর্তিটি চুরি করেছি।" সপ্তদশ শতাব্দির পথম দিককার এই কাঠের মূর্তিটি দৈর্ঘ্যে ৭০ সেন্টিমিটার। ১২০২ সালে প্রতিষ্ঠিত কেনেনজি মন্দিরে এটি ছিল।
আবে বলেন, "আমি বুদ্ধ মূর্তি ভালবাসি। বাড়িতে নিয়ে এসে আমি প্রতিদিন এ গুলোকে পূজা করি।"
কিয়োটা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আবের বাড়ির একটি কক্ষে মূর্তিগুলো সাজানো ছিল এবং পূজার নৈবেদ্য হিসেবে তাদের সামনে রাখা আছে আপেল ও কলা।
গত কয়েক মাসে কিয়োটোর অনেক মন্দির থেকে বুদ্ধের মূর্তি খোয়া গেছে। আবে জানিয়েছেন, কিয়োটোর অন্য দুটি মন্দির থেকেও তিনি বুদ্ধ মূর্তি চুরি করেছেন।
কেনেনজি মন্দিরের কর্মকর্তা জেনু আসানো বলেন, "আমাদের মনে হয়েছে যেন চারশ' বছরের ইতিহাস চুরি হয়ে গেছে। আমরা সবাই বিশ্বাস করি এটি ফিরে আসবে।"
মন্দিরের ভিক্ষু সোসেকি আনরিনিন জানিয়েছেন, মন্দিরের সম্পদ রক্ষায় নিরাপত্তা কর্মকর্তারা এখন পাহারা দিচ্ছেন। এছাড়া নজরদারি ক্যামেরার সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে প্রায় ৩০টি করা হয়েছে এবং ইনফ্রারেড সেন্সরও ব্যবহার করা হচ্ছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৪৫ ঘ.
bdnews24